যমুনায় ধসে গেছে স্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যমুনা নদীর শহরাবাড়ী ১ নম্বর স্পারের ৮০ মিটার এলাকার স্যাংক ধসে গেছে। গত বুধবার ভোরে পানির প্রবল স্রোতে স্পারের স্যাংক ধসে যায়। পানি উন্নয়ন বোর্ড ধস ঠেকাতে সিসি ব্লক ও বালূভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানায়, যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় ২০০৩ সালে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার করে দীর্ঘ শহড়াবাড়ী ও বানিয়াযান নামের দুটি স্পার নির্মাণ করা হয়। স্পার দুটি নির্মাণের ফলে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় যমুনা পাড়ের মানুষ ভাঙনের হাত থেকে রক্ষা পায়। কিন্তু স্পার দুটি নির্মাণের পর থেকে সংস্কারের অভাবে প্রতিবছর দফায় দফায় ভাঙনের শিকার হয়। এর মধ্যে শহড়াবাড়ী স্পারের বেলমাউথ ভেঙে যমুনায় বিলীন হওয়ায় মাত্র ২২০ মিটার দীর্ঘ মাটির তৈরি স্যাংক রয়েছে। অন্যদিকে বানিয়াযান এলাকার বেলমাউথের সামনের অংশ থেকে গত বছর বর্ষার সময় ৩০ মিটার ধসে যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। গত বর্ষার সময় স্পার দুটি বালুর বস্তা ফেলে সংস্কার করা হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কয়েক দিন ধরে উজান থেকে নেমে আসা পানির কারণে যমুনার পানি ক্রমশই বাড়ছে। এ কারণে পানির প্রবল স্রোত শহরাবাড়ী স্পারে ধাক্কা খেয়ে গতিপথ পরিবর্তন করছে। কিন্তু গত বুধবার ভোর রাতে শহরাবাড়ী স্পারের মাঝামাঝি জায়গায় স্যাংকে প্রায় ৮০ মিটার অংশ ধসে যমুনায় বিলীন হয়েছে। খবর পেয়ে পাউবোর লোকজন সেখানে সিসি ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। তবে তাদের অভিযোগ যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ মেরামতকাজের ঠিকাদারেরা দুটি স্পারের পাশে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে বালু উত্তোলন করেন। আর এই বালু উত্তোলনের ফলেই স্পারটি ঝুঁকিপূর্ণ হয়ে স্যাংক ধসে গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ করা হয়। কিন্তু বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হয়নি।
শহরাবাড়ী গ্রামের হজরত আলী বলেন, ‘শহরাবাড়ী স্পার থাকার কারণে আমরা ভাটি এলাকার মানুষ ভাঙনের হাত থেকে রক্ষা পাইছি। এখন স্পার ভাইঙ্গা গেলে আমাইগরে আর বাঁচন নাই। ভাটির দিকে কয়েকটি গ্রাম একেবারে শেষ হয়ে যাবে।’
এ ব্যাপারে জানতে চাইলে বগুড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোত্তালেব গতকাল বুহস্পতিবার প্রথম আলোকে বলেন, সেখান থেকে যে পরিমাণে বালু উত্তোলন করা হয়েছে, তাতে স্পারের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এলাকাবাসীর বক্তব্য সঠিক নয়। ধস ঠেকানোর জন্য জরুরি ভিত্তিতে সিসি ব্লক এবং বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।