যমুনায় ধসে যাওয়া বাঁধের সব স্থানে সংস্কার শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ধসে যাওয়া অংশগুলো এখনো মেরামত করা হয়নি। একটি অংশে কাজ শুরু হলেও তাতে অনিয়মের অভিযোগ উঠেছে। বাঁধের অন্য অংশগুলো জরুরি ভিত্তিতে সংস্কার না হলে আসন্ন বর্ষায় পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।সপ্তাহ খানেক ধরে জোয়ারের কারণে নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।পাবনার কৈটলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কৈটলা পাউবোর আওতায় ২০০৯ সালে যমুনা তীরের কৈজুরি থেকে ভেড়াকোলা পর্যন্ত ১০ কিলোমিটার তীর সংরক্ষণ বাঁধের কাজ শুরু হয়। ২০১১-এর মে মাসে কাজ সম্পন্ন হয়। এতে ব্যয় হয় ১৩০ কোটি টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকল্পে অর্থায়ন করে। এলাকাবাসীর অভিযোগ, কাজ শেষ হওয়ার কিছুদিন পরই, অর্থাৎ গত বছরের নভেম্বরের মাঝামাঝি বাঁধের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের বড় বাশুড়িয়ায় ১৫০ ফুট আকস্মিকভাবে ধসে যায়। ফারিপাড়ায় ২০ ফুট ও চিলাপাড়া হুড়াসাগর নদের মুখে ৫০ ফুট এলাকায়ও ধস নামে। সেই স্থানগুলো আর মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। কৈজুরি ইউনিয়নের বড় বাশুড়িয়া গ্রামের কুতুব উদ্দীন ও চর বাশুড়িয়া গ্রামের আনিসুর রহমান অভিযোগ করেন, বর্ষার সময় নয়, ধস নামে বর্ষার পরে। কাজের ত্রুটির কারণেই এই ধস নেমেছে। তাঁরা জানান, ধস নামা স্থান দিয়ে পানি ঢুকে কৈজুরি, পোরজনা, গালা ও রূপবাটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এতে ভাঙন দেখা দিতে পারে। এক সপ্তাহ ধরে নদীতে আকস্মিক জোয়ারের কারণে পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ধসে যাওয়া স্থান আরও বেড়ে যাবে। কৈজুরি ইউনিয়নের চিলাপাড়ায় বাঁধের মেরামত কাজ শুরু হয়েছে। তবে নিকটতম স্থান থেকে মাটি ও বালু কেটে আনার অভিযোগ উঠেছে। চিলাপাড়া গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন জানান, কাজ শেষ হতে না-হতেই ধস। তার পরও দূর থেকে বালু না এনে নিকটতম স্থান থেকে ড্রেজারে বালু তুলে ধসে যাওয়া স্থান ভরাট করা হচ্ছে। এ কারণে নতুন করে বাঁধে ভাঙন দেখা দিতে পারে। এ কাজে ঠিকাদারেরা স্থানীয় প্রভাবশালীদের ব্যবহার করছেন।ঘটনাস্থলে থাকা ঠিকাদারের প্রতিনিধি রেজাউল ইসলাম বলেন, ‘ঠিকাদার নির্দেশ দেওয়ায় একই সঙ্গে নতুন একটি চ্যানেল তৈরি করার জন্য বালু কাটছি। এতে চ্যানেলও তৈরি হচ্ছে, আমাদের বালু ভরাটের কাজও চলছে। এর ফলে নদীর পাড়ে ধস নামা বন্ধ হবে। এতে অফিসের লোকজনের সম্মতি আছে।’ কৈটলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, বাঁধের কাজ এখনো বুঝে নেওয়া হয়নি। ধসে যাওয়া স্থানে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার হাসান ট্রেডার্সকে নির্দেশ দেওয়া হয়েছে। চিলাপাড়ায় ধসে যাওয়া স্থানে বালু কাটা প্রসঙ্গে প্রকৌশলী বলেন, নিকটতম স্থান থেকে বালু কাটার কোনো নির্দেশ ঠিকাদারকে দেওয়া হয়নি। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্ষার আগেই বাঁধের সব কাজ সম্পন্ন হবে।