যমুনায় নৌকাডুবি, ছয় যাত্রী নিখোঁজ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গত রোববার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে করে একদল লোক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। এ ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ছয় যাত্রী নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা চলছে। কিন্তু গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পুলিশ ও স্থানীয় ডুবুরিরা তাদের কোনো সন্ধান পাননি।
বেঁচে যাওয়া যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের ধনারপাড়া ঘাট থেকে একটি নৌকায় করে নারী-শিশুসহ ২৩ জন যাত্রী ঘাগুয়ার চরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। সন্ধ্যার কিছু আগে বলেশ্বর এলাকায় যমুনা নদীতে নৌকাটি ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ছয়জন নিখোঁজ হন।
নিখোঁজ যাত্রীরা হলেন উপজেলার চরঘাগুয়া গ্রামের জহুরুল মন্ডল (৫০), ধনারপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আরজু বেগম (২৫), মেয়ে মামুনী খাতুন (৩), একই গ্রামের রফিকুল ইসলাম সরকারের মেয়ে রূপসী খাতুন (৫), ছেলে বুলবুল ইসলাম (৩) ও সোনাতলা উপজেলার খাটিয়ামারি গ্রামের নায়েব আলী (১৮)।
সারিয়াকান্দি থানার ওসি এ এস এম ওয়াহেদুজ্জামান বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে যমুনায় তল্লািশ অব্যাহত রয়েছে।