যমুনায় নৌকাডুবি, সাতটি লাশ উদ্ধার, নিখোঁজ ১০
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার প্রত্যন্ত এলাকা মিটুয়ানী ঘাট এলাকায় যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা গতকাল বৃহস্পতিবার সকালে ডুবে গেছে। ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করার পর সন্ধ্যা সাতটায় গতকালের মতো অভিযান শেষ করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় এখনো অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পাঁচটি লাশের পরিচয় মিলেছে। তাঁরা হলেন চৌহালী উপজেলার খাস কাউলিয়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আঙ্গুরী খাতুন (১৮), একই গ্রামের দিলরুবা খাতুন ওরফে দিলু আকতার (৩৪), তাঁর স্বামী মো. আকতার হোসেন (৫০), আবদুল হালিমের মেয়ে রাশিদা খাতুন (১৬) ও খাসকাউলিয়া গ্রামের নয়নতারা (৫০)। দুজনের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। নদীগর্ভে বিলীন একটি সেতুর কংক্রিটে ধাক্কা লেগে নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে যায়।
ঢাকা থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত নৌকাটি নারী-শিশুসহ আনুমানিক ৪০ জন যাত্রী নিয়ে চর সলিমাবাদ ঘাটের উদ্দেশে রওনা হয়েছিল। মিটুয়ানী ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই নৌকা উল্টে গিয়ে তলিয়ে যায়। এ সময় ২০-২৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সমর্থ হলেও বাকিরা স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলে প্রচণ্ড স্রোতের কারণে নিচে গিয়ে তল্লাশি করা ডুবুরিদের জন্য কঠিন হয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, সকালে এলাকাবাসী দুটি লাশ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আরও পাঁচটি লাশ উদ্ধার করে। এর মধ্যে তিনটি লাশ উদ্ধারের পরপরই স্বজনরা নিয়ে যাওয়ার ফলে ওই তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোপাল সেন জানান, দুর্ঘটনায় আহত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে হাত-পা ভাঙা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম বলেন, চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। উদ্ধার তৎপরতা বেগবান করতে নৌবাহিনীর ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।