যমুনায় নৌকাডুবির ঘটনায় আর কোনো লাশ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মিটুয়ানী ঘাট এলাকায় যমুনায় নৌকাডুবির ঘটনায় গতকাল শুক্রবার আর কোনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) উদ্ধারকারী জাহাজ আশা-১ ঘটনাস্থলে পৌঁছে গতকাল উদ্ধারকাজ শুরু করে।
দুর্ঘটনাকবলিত নৌকাটি উদ্ধারের চেষ্টা করেও সাফল্য পাওয়া যায়নি। দমকল বাহিনীর ডুবুরি দলের পাশাপাশি এলাকাবাসীও লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম শাহজাহান হোসেন বলেন, আরও কিছু যন্ত্রপাতি প্রয়োজন হওয়ায় উদ্ধারকাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ঘটনাস্থলে পৌঁছালেই অভিযান আবার শুরু করা হবে।
মিটুয়ানী বাজার ঘাট এলাকা থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা চর-সলিমাবাদ ঘাটের উদ্দেশে গত বৃহস্পতিবার রওনা হওয়ার পরই নদীর একটি পরিত্যক্ত সেতুর সঙ্গে সজোরে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ যাত্রীই স্রোতে ভেসে যায়। ঘটনাস্থল থেকে গত বৃহস্পতিবার সারা দিনে সাতটি লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত আরও ১০ জন নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।