যমুনায় নৌকাডুবি, পাঁচ বালু শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনা নদী থেকে গত সোমবারের কালবৈশাখী ঝড়ে বালুবোঝাই তিনটি নৌকাডুবির ঘটনায় নিহত বালুশ্রমিকদের মধ্যে পাঁচজনের দেহ গতকাল মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয়েছে। এ সময় একটি নৌকাও উদ্ধার হয়েছে। কিন্তু অন্য দুটি নৌকা ও তিনজন বালুশ্রমিক এখনো নিখোঁজ। নিহত শ্রমিকেরা হলেন: দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচরের ফকির আলী (৪০), জামিল হক (৩৫) ও তুবেল (৪০), চুকাইবাড়ী ইউনিয়নের চুকাইবাড়ী গ্রামের ফজল হক (৩৫) ও সিদ্দিক (৫০)।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচর থেকে গত সোমবার আটজন বালুশ্রমিক তিনটি পৃথক বালুবোঝাই নৌকা নিয়ে ইসলামপুর উপজেলার কুলকান্দি নৌঘাটে যাচ্ছিলেন। পথে বিকেল পাঁচটার দিকে কালবৈশাখীর কবলে পড়ে তিনটি নৌকাই কুলকান্দি নৌঘাটের কাছে ডুবে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বালুশ্রমিকদের পরিবারের সদস্যরা সারা রাত যমুনা নদীতে অনেক খোঁজাখুঁজি করেন। কুলকান্দি নৌঘাটের কাছে গতকাল সকালে ডুবে যাওয়া একটি নৌকা এবং পাঁচজন বালু শ্রমিকের লাশ পাওয়া যায়। কুলকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে কয়েক শ উদ্ধারকর্মী নৌকাটি পাড়ে তুলতে সক্ষম হন। খবর পেয়ে জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ এবং ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনিরুল ইসলাম গতকাল সকালে কুলকান্দি নৌঘাটে ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝড়ে নিহত পাঁচজনের এবং একই দিনে গাছ ও ঘরচাপা পড়ে নিহত তিনজনের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুপুর দেড়টার দিকে নিহত বালুশ্রমিকদের স্বজনেরা লাশ শনাক্ত করে দাফনের জন্য বাড়িতে নিয়ে যান। কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়দুর রহমান প্রথম আলোকে জানান, গতকাল দুপুরে পাঁচজনের লাশ এবং একটি নৌকা উদ্ধার করা হয়েছে। আরও দুটি নৌকা এবং তিনজন বালুশ্রমিক নিখোঁজ রয়েছেন।