যমুনায় নৌকাডুবিতে প্রাণহানি ৪, নিখোঁজ ১৪
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর মিটুয়ানী এলাকায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নৌকাডুবিতে কমপক্ষে চারজনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে ১৪ জন।
লাশ উদ্ধার হওয়া চারজন হলেন আঙ্গুরি খাতুন (১৮), দিলু খাতুন (২৮), নয়নতারা (৫০) ও রাশিদা (১৪)। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম নিহত ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে পরিচয় নিশ্চিত হয়েছেন।
স্থানীয় থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মিটুয়ানী ঘাট থেকে ৪০-৪৫ জন যাত্রীবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা চর-সলিমাবাদ ঘাটে যাচ্ছিল। নৌকাটি ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ডুবে থাকা ভেঙে যাওয়া একটি পাকা সেতুর সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে নৌকাটি উল্টে তলিয়ে যায়। এ সময় ২০-২৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা স্রোতে ভেসে যান।
এ ব্যাপারে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম বলেন, বেলা একটা পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নাম-ঠিকানার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আরও লাশ তলিয়ে যাওয়া নৌকার মধ্যে আটকে রয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে। এলাকার লোকজনের সহায়তা নিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
উদ্ধারকাজে অংশ নেওয়া বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাহের সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। তলিয়ে যাওয়া নৌকাটিকে সেতুর নিচে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। নৌকাটি উপুড় হয়ে পড়ায় পলিমাটির মধ্যে চার-পাঁচটি মৃতদেহ রয়েছে বলে তাঁদের হাত-পা গুনে শনাক্ত করা গেছে। উদ্ধারের কাজ চলছে।