যমুনায় পানি বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে যমুনা নদীতে শুষ্ক মৌসুমের স্বাভাবিক প্রবাহের তুলনায় পানি বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমাংশে উত্তর গাইড বাঁধ থেকে শহর রক্ষাবাঁধের হার্ডপয়েন্ট পর্যন্ত এলাকায় পাঁচটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। অব্যাহত ভাঙনে গত তিন দিনে পাঁচ শতাধিক ঘরবাড়ি, আবাদি জমি, বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল সোমবার পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙন-কবলিত এলাকা পরিদর্শন করেছেন।ভাঙন এলাকা ঘুরে এবং পাউবো ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উজানে বৃষ্টিপাতের কারণে গত এক সপ্তাহ থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। গত তিন দিনে সাড়ে চার ফুট পানি বেড়েছে। প্রবল স্রোতের কারণে সাপরী, বড় পিয়ারী, বিয়ারা, পাইকপাড়া ও ঘোনাপাড়া গ্রামে ভাঙন তীব্র আকার নিয়েছে। পানি বাড়ার কারণে সয়দাবাদ এলাকায় প্রস্তাবিত শিল্পপার্ক ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমাংশের গাইডবাঁধ ভাঙনের হুমকিতে পড়েছে।সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের কৃষক আয়ূব আলী জানান, পানি বাড়ার কারণে জমির ধান আধা পাকা অবস্থায় কেটে আনতে হচ্ছে। অব্যাহত ভাঙনে তাঁর তিন বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন বলেন, ‘ভাঙনের তীব্রতার কারণে বিদ্যালয়ের অবকাঠামো দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (আজ) থেকে এটি ভাঙার কাজ শুরু হবে। শিক্ষার্থীদের ক্লাস কোথায় নেওয়া হবে এ নিয়ে চিন্তায় রয়েছি।’পাইকপাড়া প্রত্যাশা গ্রাম কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, নতুন করে পানি বৃদ্ধি ও ভাঙনের কারণে প্রায় পাঁচ শতাধিক মানুষ ভূমিহীন হয়ে পড়েছে। জরুরিভিত্তিতে ভাঙন প্রতিরোধ করতে না পারলে আরও ১০টি গ্রাম নদীগর্ভে হারিয়ে যাবে। অন্যদিকে কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া, চৌহালী সদর, শাহজাদপুর কৈজুরী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছে স্থানীয় জনগণ। ভাঙনের কথা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা।পানিসম্পদমন্ত্রীর পরিদর্শন: পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গতকাল সন্ধ্যায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধের হার্ডপয়েন্ট পরিদর্শন করেন। তিনি যমুনা নদীর মধ্যখানে খনন কাজের উদ্বোধন করেন। পরিদর্শন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘সরকার ওয়াদানুযায়ী কাজ করে যাচ্ছে। ড্রেজিংয়ের কথা বলা হয়েছিল, তা শুরু করা হলো। এখন নদীর পানি মাঝখান দিয়ে প্রবাহিত হবে। সিরাজগঞ্জ ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।’ তিনি নদী-তীরবর্তী গ্রামের ভাঙন রোধে পাউবো কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসন ও পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।