যমুনায় পানি বৃদ্ধি, ভাঙন পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা ঢলের কারণে যমুনা নদীতে পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে নদীতীরবর্তী অঞ্চল ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ এলাকায় ভাঙন পরিস্থিতির অবনতি হয়েছে। সিরাজগঞ্জ পাউবোর কর্মকর্তারা জানান, গতকাল বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি তিন ফুট বেড়েছে।পাউবো ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে প্রচণ্ড পানির চাপে কাজীপুর উপজেলায় যমুনা নদীতে পাউবোর ৩ নম্বর স্পারের ৫০ মিটার অংশে মাটি ধসে গেছে। সদর উপজেলার বেলুটিয়া এলাকার বাঁধ ভেঙে পাকা ও আধাপাকা ধান তলিয়ে গেছে। শাহজাদপুর উপজেলায় পাউবোর বাঘাবাড়ী-নিমাইচরা বন্যানিয়ন্ত্রণ বাঁধের রাউতারা স্লুইসগেটসংলগ্ন লোহাইট বাঁধটি হুমকির মুখে রয়েছে। এতে ওই এলাকার প্রায় ৫২ হাজার হেক্টর জমির পাকা ও আধাপাকা ধান নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় কৃষকেরা। ওই বাঁধ রক্ষায় পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা বাঁধে বস্তা ফেলার কাজে যোগ দিয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা, ঘোনাপাড়া, বিয়ারা ও মোড়গ্রাম এবং চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার ইকোপার্কের কাছে নির্মীয়মাণ বেলুটিয়া বাঁধটি ভেঙে এলাকার সাতিয়ানতলী, সয়দাবাদ, মোহনপুর এলাকার নিম্নাঞ্চলের প্রায় ৪০০ বিঘা জমির পাকা ও আধাপাকা ধান তলিয়ে গেছে। একই সঙ্গে পানি বৃদ্ধির কারণে শাহজাদপুর উপজেলার বড়াল ও করতোয়া নদীর নিম্নাঞ্চলের এবং নদীর চর ডুবে প্রায় ২০০ বিঘা জমির ধান তলিয়ে গেছে। সদর উপজেলার চরাঞ্চলে খোকসাবাড়ী, খলিশাকুড়া, বয়রা, ক্ষীদ্রানী, শৈলাবাড়ী এবং কাওয়াখোলা ইউনিয়নের পাঁচটি গ্রাম; কাজীপুর উপজেলার মাইজবাড়ী, নাটুয়াপাড়া, তেকানী, শুভগাছা, রতনকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চলের কয়েক হাজার বিঘা জমির ধান তলিয়ে গেছে।সাতিয়ানতলী গ্রামের কৃষক সুলতান জানান, রাতে বাঁধ ভেঙে যাওয়ার পর মুহূর্তের মধ্যে সব জমি তলিয়ে যায়। অনেক ধান এখন পর্যন্ত পাকেনি। কিছু পাকলেও তা অনেকেই কাটতে পারেননি।শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মোহাম্মদ আলী জানান, আর মাত্র ১৫ দিনের মধ্যে ধান কাটা শুরু হতো। বাঁধ ধসার খবর ছড়িয়ে পড়লে পাউবোর লোকজনের পাশাপাশি রাউতারা ও রেশমবাড়ী গ্রামের পাঁচ শতাধিক লোক বাঁধ রক্ষার কাজে অংশ নেয়। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা জানান, উজান থেকে নেমে আসা ঢলের কারণে যমুনা নদীতে ২৪ ঘণ্টায় তিন ফুট পানি বেড়েছে। পানির তীব্র চাপে এই ধস নেমেছে। ধসে যাওয়া স্থানে জরুরিভাবে মেরামতের কাজ করা হচ্ছে। এই পানি অভ্যন্তরীণ নদনদীতে প্রবেশ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।