যমুনায় বাজার বিলীন হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনার পানি কমার সঙ্গে সঙ্গে জামালপুরের ইসলামপুরের গুঠাইল হার্ড পয়েন্টের প্রায় ৬০ মিটার ধসে গেছে। যেকোনো মুহূর্তে গুঠাইল বাজার ও শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
এ ছাড়া চিনাডুলি ইউনিয়ন ভূমি কার্যালয়, সরকারি খাদ্যগুদাম, গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ, গুঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুঠাইল দাখিল মাদ্রাসা, গুঠাইল মসজিদ, গুঠাইল বাজারে থাকা প্রায় এক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, বিস্তীর্ণ জনপদ ও হাজার হাজার গাছপালা যমুনার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, গত শুক্রবার থেকে হার্ডপয়েন্টে ভাঙন শুরু হওয়ার পর শনি ও রোববার দুই দিন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিছু জিও ব্যাগ (বালুভর্তি বস্তা) ফেলা ছাড়া গুরুত্বপূর্ণ এলাকাটি রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
সোমবার গুঠাইল হার্ড পয়েন্টে গিয়ে দেখা যায়, নদীভাঙন অব্যাহত রয়েছে। চার দিনে হার্ড পয়েন্টের প্রায় ৬০ মিটার অংশ ধসে গেছে। গুঠাইল বাজার থেকে মাত্র সাত-আট মিটার দূরেই ভাঙনস্থল। বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিচ্ছে। হার্ড পয়েন্টের ওপরে থাকা হানিফ, চান মিয়া, শহিদুর, ছয়বর, শাহালম, ভিক্কু, ফজলু, কাশেমসহ অনেকে ব্যবসাপ্রতিষ্ঠানের স্থাপনা সরিয়ে নিচ্ছেন।
এ সময় স্থানীয় লোকজন জানান, প্রায় দুই যুগ ধরে সর্বগ্রাসী যমুনার অব্যাহত ভাঙনে উপজেলার পশ্চিমাঞ্চলের পাঁচটি ইউনিয়নের ৭০টি গ্রামের সব ঘরবাড়ি-জমি-স্থাপনা এবং পুরোনো হরিণ ধরা বন্যানিয়ন্ত্রণ বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে উদ্বাস্তু হয়েছে হাজার হাজার মানুষ। মাথা গোঁজার ঠাঁই না পেয়ে গুঠাইল বাজার এলাকা ও হার্ড পয়েন্টের ওপর হাজারো পরিবার আশ্রয় নিয়েছে।
কিন্তু শেষ আশ্রয়টিও হারাতে বসেছে এ অঞ্চলের নদীভাঙনের শিকার মানুষ। কিন্তু ভাঙন ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ আজও গৃহীত হয়নি। শুধু বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, সংস্কার ও ভাঙন ঠেকানোর নাম করে কিছু জিও ব্যাগ ফেলে লোক দেখানো কাজ করে পাউবো। এতে কোনো কাজ হয় না।
জামালপুরের পাউবো সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে বিদেশি আর্থিক সহায়তায় একটি প্রকল্পের আওতায় ৪৪ কোটি টাকা ব্যয়ে শত বছরের ঐতিহ্যবাহী গুঠাইল বাজারসহ ওই এলাকার বিস্তীর্ণ জনপদ রক্ষায় যমুনার ৬১০ মিটার তীর সংরক্ষণ বাঁধ (হার্ড পয়েন্ট) নির্মাণ করা হয়। গত শুক্রবার থেকে এ বাঁধের ৬০ মিটার এবং গত জুলাইয়ে আরও ৭০ মিটার নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া ২০০৩ সালে হার্ড পয়েন্টের প্রায় ২০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়।
গুঠাইল বাজারের চা-দোকানি চান মিয়া হার্ড পয়েন্টের ওপর দাঁড়িয়ে নদীর একটি অংশ দেখিয়ে বলেন, ‘সেখানটাই আমাগো বাড়িঘর ছিল। বছর পাঁচেক আগে যমুনা নিয়েছে। এর পর থেকে আশ্রয় নিই শ্বশুরবাড়ি বেলগাছা ইউনিয়নের কাছমা গ্রামে। সেখানে ছাপরা তুলে বসবাস করছি।’
গুঠাইল এলাকার বাসিন্দা মনজু মিয়া জানান, জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নেওয়া হলে গুঠাইল বাজার কয়েক দিনেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে কয়েক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ও শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হবে। এটা হলে এ অঞ্চলের হাজার হাজার মানুষকে পথে বসতে হবে।
স্থানীয় সাংসদ ফরিদুল হক খান প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার হার্ড পয়েন্ট পরিদর্শন করেছি। ইতিমধ্যে দুই হাজার বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলা হয়েছে। আরও চার হাজার বস্তা বালু ফেলার চেষ্টা চলছে।’
পাউবো জামালপুরের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, গুঠাইল হার্ড পয়েন্টের প্রায় ৬০ মিটার ধসে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।