যমুনায় বিলীন ২৫ লাখ টাকার বিদ্যালয় ভবন
যমুনাগর্ভে আগেই বিলীন হয়ে গেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর মানিকদাইড় গ্রাম। অবশিষ্ট ছিল গ্রামের পাশে স্থাপিত চর চালুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এবারের বর্ষায় যমুনার ভাঙনে বিলীন হয়ে গেল ওই বিদ্যালয় ভবনটিও। ২৫ লাখ টাকা ব্যয়ে এই বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্রের দ্বিতল ভবন নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮০ সালে ওই বিদ্যালয় স্থাপিত হয়। যমুনার অব্যাহত ভাঙনে চর মানিকদাইড় বিলীন হলেও দাঁড়িয়ে ছিল বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্রের দ্বিতল ভবন। কিন্তু গত কয়েক দিনের যমুনার তীব্র ভাঙনে বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
তাঁরা আরও জানান, বিদ্যালয় ভবন নদীগর্ভে বিলীন হওয়ায় একদিকে চরের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে, তেমনি আশপাশে আশ্রয়কেন্দ্র না থাকায় বন্যায় আশ্রয়হীন হয়ে পড়বে চরের মানুষ।
নদীগর্ভে বিলীন হওয়ার শেষ মুহূর্তে এসে ভবনটি নিলামে দেওয়ার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। তারা গত ৩০ জুন বিদ্যালয়টির পুরোনো মালামাল নিলাম দেওয়ার জন্য ডাকে তোলে। কিন্তু তার আগেই ভবনটি যমুনাগর্ভে বিলীন হয়ে যায়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত জামান জানান, বিদ্যালয় ভবনটি যমুনা গ্রাস করায় চরের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান জানান, শিক্ষার সুন্দর পরিবেশ ও ভালো ফলাফলের জন্য দুর্গম চরের এই বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হয়েছিল। এখন অন্যত্র সরিয়ে নিয়ে বিদ্যালয়টির কার্যক্রম চালাতে হবে। ইউএনও জিল্লুর রহমান খান বলেন, ‘বিদ্যালয় ভবনটি অনেক আগেই নিলাম ডাকের উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয়দের বাধার মুখে নিলাম দেওয়া যায়নি। নিলাম দেওয়া সম্ভব হলে বেশ কিছু টাকা সরকারি কোষাগারে জমা হতো।’