যমুনায় রেলসেতু নির্মাণের জমি নিয়ে সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর ওপর দিয়ে স্বতন্ত্র একটি রেলসেতু নির্মাণে জমি প্রদানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 

আজ বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সভা শেষে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন এ স্মারকে সই করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, যমুনা রিসোর্টের সুরক্ষার দায়িত্ব আপাতত বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে। সেতু বিভাগ ও সেনাবাহিনী যৌথ পরিদর্শনের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করবে। সভায় পাঁচ শ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ১২ দশমিক ৪৩ একর জমি ৩০ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয় বলেও জানান মন্ত্রী।
এ ছাড়া সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিধিমালা ২০১০ অনুসারে কর্মকর্তা-কর্মচারিগণের সন্তানদের শিক্ষাবৃত্তি পাঁচ শ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডলারের বিনিময় হার ৬৯ টাকা থেকে ৭৮ টাকা হয়েছে। ২০১০ সালে ডিপিপি করার সময় ডিটেইল ডিজাইন সমাপ্ত হয়নি। ২০১০ এর পর চুক্তি করতে চার বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। পাঁচ শ একর অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হয়েছে। মাওয়া প্রান্তে এক দশমিক তিন কিলোমিটার অতিরিক্ত নদীশাসন কাজ করা হচ্ছে। উভয় প্রান্তে ফেরিঘাট স্থানান্তরের জন্য সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ কাজ করা হচ্ছে। এ কারণে খরচ বাড়ছে।