যমুনায় ১৬ রুটে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে কয়েক লাখ মানুষ
যমুনা নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে ডুবোচর জেগে ওঠায় চার মাস ধরে বগুড়ার সারিয়াকান্দি সদরের কালীতলা খেয়াঘাটের সঙ্গে ১৬ রুটের নৌ চলাচল বন্ধ রয়েছে। কালীতলা ঘাট বন্ধের পর নৌকা ভিড়ত পাঁচ কিলোমিটার ভাটিতে মথুরাপাড়া খেয়াঘাটে। কিন্তু ডুবোচরের কারণে সেই ঘাটও বন্ধ দেড় মাস ধরে। গুরুত্বপূর্ণ দুই ঘাট বন্ধ থাকায় উপজেলা সদরের সঙ্গে নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহনে বিপাকে পড়েছে চরাঞ্চলের সাত ইউনিয়নের কয়েক লাখ মানুষ।
পানি উন্নয়ন বোর্ড বলছে, নৌ যোগাযোগ সচল রাখতে দরকার নদী খনন। তবে সেই কাজে বরাদ্দ মিলছে না।
গত বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি সদরের কালীতলা খেয়াখাটে গিয়ে দেখা গেছে, ঘাট এলাকায় এখন সুনসান নীরবতা। অথচ গত বছরের আগস্ট পর্যন্ত মাঝিমাল্লা আর যাত্রীদের আনাগোনায় যে ঘাট ছিল সরগরম। ঘাটে নেই যাত্রীর জন্য মাঝিমাল্লার হাঁকডাক। ঘাটে নৌকা ভিড়লেই যেখানে মালামাল তোলা-নামার জন্য কুলিরা দরদাম হাঁকতেন, সেই ঘাটে কয়েকজন কুলিকে অলস বসে থাকতে দেখা গেল। ঘাটের যেখানে নৌকা এসে ভিড়ত, নদীর সেই জায়গায় বিস্তীর্ণ এলাকাজুড়ে ধু ধু বালুচর। বালুচরে আটকা পড়া কয়েকটা নৌকা বাঁধা থাকলেও নেই তাতে মাঝিমাল্লা।
খেয়াঘাটকে কেন্দ্র করে কালীতলা গ্রোয়েন বাঁধে গড়ে ওঠা ৭০ থেকে ৮০টি দোকানের দুটি বাদে সব কটিই বন্ধ। চরাঞ্চলের মানুষ নৌকায় এসে এসব দোকান থেকে সওদাপাতি কিনত। ঘাটের ব্যবসা-বাণিজ্যও বন্ধ। ঘাটে চারটি খাবারের হোটেল থাকলেও ঝাঁপ খোলা হয় না চার মাস ধরে। হোটেল-মালিকের আয়-উপার্জন বন্ধ। বেকার কর্মচারীরা। অলস বসে রয়েছেন ঘাটের মাঝিরা। নদীতে নৌকা না ভেড়ায় বেকার কয়েক শ কুলি শ্রমিক ও নদীপারের জেলেরা। স্থবির ঘাটনির্ভর জীবন-জীবিকা।
ঘাটের দোকানিরা বলেন, দুই বছর আগে যমুনার ভাটিতে চন্দনবাইশা-রোহদহ এলাকায় বাঁধ ভেঙে যায়। তখন প্রবল স্রোতে নদীর গতিপথ সব ওলট-পালট হয়ে যায়। ওই সময় নদীর উজানে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে অসংখ্য ডুবোচর জেগে ওঠে। নদীর নাব্যতা হারায় কালীতলা খেয়াঘাট এলাকায়ও। এখন বর্ষাকালে মাস চারেক সচল থাকে কালীতলা ঘাট। বর্ষার পরপরই দেলুয়াবাড়ি, হাসনাপাড়া-অন্তরপাড়া, দীঘলকান্দিতে ডুবোচর জেগে উঠছে। নদীতে চর জেগে ওঠায় নৌকা ভিড়তে পারছে না। বছরের বেশির ভাগ সময় অচল থাকছে এই ঘাট। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ঘাট বন্ধ। সেই থেকে স্থবির ঘাটের ব্যবসা-বাণিজ্য। বন্ধ হয়ে পড়েছে চরাঞ্চলের শিক্ষার্থীদের উপজেলা সদরের স্কুল-কলেজে যাতায়াত।
কালীতলা ঘাটের মনিহারি দোকানি বাবুল মিয়া বলেন, ‘চার মাস ধরে ঘাট বন্ধ। লোকজনের আনাগোনা নেই। বেচাকেনা বন্ধ। পুঁজি ভেঙে খাচ্ছি।’
ঘাটের মাঝিমাল্লারা বলেন, সারিয়াকান্দির সাতটি ইউনিয়ন বহাইল, কাজলা, চালুয়াবাড়ি, কর্ণিবাড়ি, চন্দনবাইশা, কামালপুর, হাটশেরপুরে অর্ধশত চর রয়েছে। চরাঞ্চলের লোকজন ছাড়াও গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জের কাজিপুরের লোকজন নৌকায় সারিয়াকান্দি যাতায়াত করে। ১৬টি রুটে প্রতিদিন গড়ে তিন শ নৌকা চলাচল করে এই ঘাটে। ঘাট বন্ধ থাকায় যাত্রী পারাপার ছাড়াও কৃষিপণ্য পরিবহন বন্ধ।
দোকানি শামিম হোসেন বলেন, ‘দোকানের আয় দিয়ে সংসার চলত। এখন ঘাটে নৌকা ভেড়ে না। বেচাবিক্রি বন্ধ। সংসার প্রায় অচল।
ঘাটের কুলি সায়মদ্দিন প্রমাণিক বলেন, ‘লাওত (নৌকা) মালামাল তোলা-নামা করে হামাকেরে ভাত জোটে। এখন নদীত বালু চর। যমুনাত পানি নাই। হামাকেরে কামাই বন্ধ। প্যাট চলে না।’
বেলা ১১টার দিকে ৫ কিলোমিটার ভাটিতে মথুরাপাড়া খেয়াঘাটে গিয়ে দেখা গেল, নদীতে শুকনো বালুচর। ঘাট বন্ধ। বেকার মাঝিমাল্লা, ঘাটের কুলি, বন্ধ দোকানপাট।
স্থানীয় ব্যক্তিরা বলেন, সারিয়াকান্দির অন্যতম বড়হাট এই মথুরাপাড়া। মথুরাপাড়া হাটকে ঘিরেই গড়ে উঠছে খেয়াঘাট। চরাঞ্চলের কৃষকেরা উৎপাদিত পাট, মরিচ, ধান, ভুট্টা, বাদাম, কাউনসহ নানা কৃষিপণ্য নৌকায় তুলে এই হাটে বিক্রি করতে আসেন। কিন্তু নদীর নাব্যতা হারানোয় গত বছরের ডিসেম্বর মাসের প্রথম থেকেই এই ঘাটে নৌকা ভিড়ছে না।
মাঝি মালেক কাজী বলেন, ‘ঘাটত লৌকা বান্ধে থুয়ে অ্যানা বাড়িত গেচি, বিয়ানবেলা আসি দেকিচ্চি শুকনা নদীর বালু চরত নৌকা আটকা।’
মথুরাপাড়া ঘাট থেকে বালুর বাঁধ ধরে দুই কিলোমিটার ভাটিতে কুতুবপুর ইউনিয়নের ধলিরকান্দি গ্রাম। সেখানেই মাদারগঞ্জ ঘাট। ঘাটে গিয়ে দেখা গেল, ৩০-৩৫টি নৌকা ভিড়েছে ঘাটে। চরাঞ্চলের লোকজন খেয়া নৌকায় এই ঘাটে এসে নামছে। পণ্য ওঠানামা চলছে নৌকায়। একটি তেলবাহী ট্যাংক-লরি ঘাটে এসেছে। লরি থেকে ড্রামে তেল নামানো হচ্ছে। কুলিরা বলেন, এই তেল যাবে জামালপুরের মাদারগঞ্জ ঘাটসহ চরাঞ্চলের বিভিন্ন ঘাটে।
বোহাইল চরের কৃষক আফজাল মণ্ডল বলেন, ‘দশ মণ পাট ব্যাচপার আচ্চি। এখন মাদারগঞ্জ ঘাট থ্যাকে ভ্যানত করে গঞ্জত লেওয়া লাগবি। এক মণ পাটের নৌকা ভাড়া লাগত ৩০ টেহা। এখন নৌকা ভাড়া ছাড়াই মাদারগঞ্জ ঘাট থ্যাকে সারিয়াকান্দি হাটে এক মণ পাটের ভ্যানভাড়া দেওয়া লাগিচ্চে ৩০ টেহা। পরিবহন খরচ দ্বিগুণ বাড়চে।’
বোহাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, কালিতলা ও মথুরাপাড়া ঘাট বন্ধ হওয়ায় যাতায়াত দুর্ভোগ পোহাতে হচ্ছে চরবাসীকে। কালীতলা ঘাটের ওপাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চরের কেউ অসুস্থ হলে নৌকায় করে কালীতলা ঘাট থেকে সহজে হাসপাতালে নেওয়া যেত। এখন কালীতলা ঘাটে নৌকা ভেড়ে না, মথুরাপাড়া ঘাটে নৌকা ভেড়ে না। মাদারগঞ্জ ঘাট থাকে ভ্যানে সাত মাইল পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হয়। রাতের বেলা মাদারগঞ্জ থেকে মথুরাপাড়া পর্যন্ত ভ্যান মেলে না।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়ার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, কালীতলা ও মথুরাপাড়া ঘাটের উজান-ভাটিতে ডুবোচর জেগে উঠে নাব্যতা হারানোয় শুষ্ক মৌসুমে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। ঘাট সচল ও নৌ যোগাযোগ স্বাভাবিক রাখতে নদী খনন দরকার। কিন্ত পাউবো থেকে নদী খননের মতো এত বিপুল বরাদ্দ মিলছে না।