যমুনায়ও বাঁশের ঘের দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার চরনতিবপুর থেকে নাকালিয়া পর্যন্ত যমুনা নদীর প্রায় ২০ কিলোমিটার অংশে আড়াআড়িভাবে অন্তত ১৫টি বাঁশের ঘের দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব ঘের নির্মাণ করেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম বাঁধ নির্মাণের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নদীতে এ ধরনের বাঁধ বা ঘের দিয়ে মাছ ধরা বেআইনি। আমি ১০-১২টি স্থানে বাঁশের বাঁধ বা ঘের নির্মাণের মাধ্যমে মাছ ধরার খবর পেয়েছি। এর কয়েকটির মালিককে এগুলো অপসারণের জন্য সতর্ক করেছি। বাকিগুলোর সম্পর্কে তথ্য সংগ্রহ করছি। শিগগিরই প্রশাসনের সহায়তায় এগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।’এলাকাবাসী জানায়, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে চরনতিবপুর, কাজীরহাট, নগরবাড়ী, চরসাফুল্যা, রাকশা প্রভৃতি স্থানের কাছে যমুনায় অবৈধভাবে বাঁশের ঘের দিয়ে কারেন্ট, ফাঁস, সুতি জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করছে। এসব মাছের মধ্যে ডিমওয়ালা বড় মাছ যেমন রয়েছে, তেমনি রয়েছে নিষিদ্ধ ছোট আকৃতির ইলিশ (জাটকা)।সরেজমিনে দেখা গেছে, চরসাফুল্যা, নগরবাড়ী প্রভৃতি স্থানে বাঘাবাড়ী-পাটুরিয়া নৌচ্যানেলে নদীর মূল প্রবাহের বেশ খানিকটা জুড়ে বাঁশ দিয়ে আড়াআড়িভাবে ঘের দেওয়া হয়েছে। বাঁশের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিশাল আকৃতির সূক্ষ্ম ফাঁসওয়ালা জাল। নগরবাড়ী ঘাটের কাছে নির্মাণ করা একটি ঘেরের অংশীদার তালুকদার মিয়া জানান, ঘের নির্মাণে স্থান নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁদের এ ঘের নির্মাণে লক্ষাধিক টাকা ব্যয় হলেও স্থানটিকে দীর্ঘদিন ধরে বাঁশ পুঁতে দখলে রাখতে হয়েছে। ঘের নির্মাণের ব্যাপারে মৎস্য বিভাগ থেকে বছর দুয়েক আগে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু তারপর থেকে আর কোনো বাধা দেওয়া হয় না বলে জানান তিনি। পানি উন্নয়ন বোর্ড বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী কামরুন্নেছা পিইঞ্জ বলেন, প্রবহমান নদীতে বাঁশের এ ধরনের ঘের ক্ষতিকর। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ডাউনে ভাঙন দেখা দিতে পারে। আবার নদীর তলদেশে পলি জমে নাব্যতা কমে যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসানুল মতিন বলেন, মাছ ধরার জন্য নদীতে বাঁশের ঘের নির্মাণ করা অবৈধ। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।