যমুনেশ্বরী নদীতে ভেঙে যাচ্ছে সড়কটি
নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামে যমুনেশ্বরী নদীর ভাঙনের কবলে পড়েছে একটি পাকা সড়ক। এলাকাবাসীর অভিযোগ, প্রায় তিন বছর ধরে সড়কটি ভাঙলেও প্রতিরোধের কোনো উদ্যোগই নেওয়া হয়নি।
গত রোববার সরেজমিনে দেখা যায়, সড়কের বেশ কয়েকটি স্থান নদীভাঙনে ধসে পড়েছে, বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
কানিয়ালখাতা গ্রামের রশিদুল ইসলাম (৪৫) বলেন, প্রায় তিন বছর ধরে রাস্তাটা ভাঙছে। এই সড়কপথে কানিয়ালখাতা, চিনিকুটি, বেড়াডাঙা, যাদুরহাটসহ বিভিন্ন গ্রামের মানুষ নীলফামারী শহরে যাওয়া-আসা করে।
একই গ্রামের মহিকুমার রায় (৪৫) বলেন, নদীভাঙনে রাস্তার অনেক জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একটু এদিকসেদিক হলেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সব সময়িই সাবধানে চলাচল করতে হয় এ পথে। রাতে চলাচল করা তো আরও ভয়ঙ্কর হয়ে পরে। এ বছর মেরামত করা না হলে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়বে।
এ বিষয়ে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশিদ বলেন, সড়কটি শুধু ইটাখোলা ইউনিয়নের মানুষ ব্যবহার করেন না। আশপাশের চাপড়াসড়ঞ্জানী, পঞ্চপুকুর, চড়াইখোলা ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার মানুষও ব্যবহার করে। সড়কটির সংস্কার ও ভাঙন রোধে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নীলফামারী সদর উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান বলেন, সড়কটি জরুরি সংস্কারের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।