যশোর ও বরিশালে পাঁচ মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের বাঘারপাড়া উপজেলার বাররা গ্রামে গতকাল রোববার সকালে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। একই দিন বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী নিহত হয়।
যশোরে নিহত ব্যক্তিরা হলেন বাঘারপাড়ার বাররা গ্রামের আবদুল হালিম (৪৫), খায়ের বিশ্বাস (৩৩) ও রফিকুল ইসলাম মোল্লা (৩৫)। নিহত ব্যক্তিদের স্বজনেরা বলেন, আবদুল হালিমের ছেলে জুয়েল রানা মাধ্যমিক পরীক্ষায় এবার কারিগরি বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য হালিম বসুন্দিয়া বাজারের একটি দোকানে মিষ্টির ফরমাশ দিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।
হাসপাতালে বাবাকে দেখতে গিয়ে জুয়েল রানা বলে, ‘বাঘারপাড়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। আব্বাকে বললাম, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। স্কুলে মিষ্টি নিয়ে যাব। সকালে দোকানে মিষ্টির অর্ডার দিয়ে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। এখন আমাদের কী হবে। আব্বা ছাড়া আমার লেখাপড়া হবে কী করে।’
জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী বলেন, এ বিষয়ে কারও কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে বরিশালে নিহত দুই শিক্ষার্থী হলো শিকারপুর শের-ই-বাংলা ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী মো. আল আমিন (১৭) এবং এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মো. সজ্জল সরদার (১৫)। পুলিশ লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত সজ্জল উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। আল আমিন একই গ্রামের মো.সামসুল হকের ছেলে।
আল আমিনের মামা সোহেল রানা বলেন, উজিরপুর থেকে সজ্জল ও আল আমিন মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে তারা বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর সেতু এলাকায় পৌঁছালে বরিশাল থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় স্থানীয় লোকজন তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।