যশোর ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের কলেজ মোড়ে গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাস উল্টে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন৷ এতে ৩৯ জন আহত হন৷ যশোরে মেয়েকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে জ্বালানিবাহী ট্যাংকলরির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন৷
মেহেরপুর থানার পুলিশ, জেলা বাস মালিক সমিতি ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে রওশন এন্টারপ্রাইজের একটি বাস কুষ্টিয়া থেকে মেহেরপুর বাসস্ট্যান্ডে ঢুকছিল৷ কয়েক দফায় রাস্তায় যাত্রী তুলে বাসের নির্ধারিত সময় পেরিয়ে গেলে সেটি অতিরিক্ত গতিতে ছুটছিল৷ কলেজ মোড়ে এক যাত্রী নামতে চাইলে আচমকা ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়৷ এতে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী মেহেদী, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, বাসযাত্রী শরিফুল ইসলাম ও তাঁর ছেলে শান্ত ঘটনাস্থলেই মারা যান৷ পরে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবদুল জলিলের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন৷ আহত ২৫ জনকে মেহেরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷ পুলিশ বাসটি জব্দ করেছে৷ দ্রুতগতিতে মোড় নিতে গেলে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে৷
মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, মালিকপক্ষ হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিয়ে দুঘর্টনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷
যশোর থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আরশাদুজ্জামান নামের এক ব্যক্তি মেয়েকে স্কুলের বাসে তুলে দিতে গতকাল সকালে েমাটরসাইকেলে করে পালবাড়ি মোড়ে যাচ্ছিলেন৷ পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া-খুলনা সড়কের পালবাড়ি মোড়সংলগ্ন এলাকায় রাস্তার পাশে বিশ্রাম নেন৷ এ সময় জ্বালানি তেলবাহী একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর তুলে দেয়৷ এতে ঘটনাস্থলেই আরশাদুজ্জামান মারা যান৷ আরশাদুজ্জামান শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের বাসিন্দা৷ তিনি যশোর কোতোয়ালি থানার পাশে রাইটারের কাজ করতেন৷ এ সময় মেয়ে জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত হয়৷ তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সে যশোর বিমানবন্দর বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী৷
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে খুলনা-কুষ্টিয়া সড়ক অবরোধ করে৷ এ সময় তারা একটি পিকআপসহ কয়েকটি যানবহন ভাঙচুর করে৷ পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
যশোর কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে৷ এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে৷