যশোর ও রাজবাড়ীতে রেললাইনে দুই লাশ
যশোর শহরের শংকরপুর এলাকায় রেললাইনের পাশ থেকে গতকাল শনিবার সকালে অজ্ঞাতনামা এক শিশুর (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।
যশোরে শিশুটির লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির একদল পুলিশ। ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, শিশুটির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরনে পাঞ্জাবি, পায়জামা ও টুপি ছিল। পাঞ্জাবির পকেটে ট্রেনের একটি টিকিট ছিল। সেটি দেখে বোঝা যায়, শিশুটি নারায়ণগঞ্জ থেকে এসেছে। এসআই বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বেলা সাড়ে তিনটা পর্যন্ত লাশ নেওয়ার জন্য কেউ যোগাযোগ করেনি।
রাজবাড়ীতে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানা-পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার বলেন, ফরিদপুরগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামের একটি ট্রেন গতকাল সকাল সোয়া আটটার দিকে রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে পৌঁছায়। এরপর ট্রেনটি পাচুরিয়া ও ফরিদপুর লাইনের সংযোগস্থল অতিক্রম করার সময় ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এ নিয়ে গত এক মাসে রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অন্তত সাতজনের প্রাণহানি হলো।