যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র, ছয় কিশোরের সন্ধান মেলেনি
যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ছয় কিশোরের সন্ধান মেলেনি। গত শনিবার রাত পৌনে নয়টার দিকে ছয় কিশোর কেন্দ্রের সীমানাপ্রাচীরের গায়ে থাকা পানির পুরোনো পাইপ বেয়ে পালিয়ে যায়। তারা সবাই খুনের মামলায় আদালতের মাধ্যমে এ কেন্দ্রে এসেছিল। এর মধ্যে তিনজনের বয়স ১৮ বছর ছাড়িয়ে গেছে। তাদের জেলা কারাগারে পাঠানোর জন্য ইতিমধ্যে আদালতের কাছে চিঠি পাঠানো হয়েছে।
কিশোর উন্নয়ন কেন্দ্রের প্রবেশন কর্মকর্তা ওহেদুজ্জামান শাহিন প্রথম আলোকে বলেন, সম্প্রতি নিজেদের শরীর কেটে কিশোরেরা প্রতিবাদ জানায়। ওই সময়ে তারা কেন্দ্রের কয়েকটি ভবনের জানালার কাচ ভাঙচুর করে। পরদিন তাদের কক্ষ থেকে দেশীয় নানা ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার আশঙ্কায় তারা ভয়ে পালিয়ে যেতে পারে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, পলাতক কাউকে উদ্ধার করা যায়নি। তবে সারা দেশে পুলিশ নেটওয়ার্কে বার্তা পাঠানো হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।