যশোর যুবলীগের গুলিবিদ্ধ নেতা মারা গেছেন
সন্ত্রাসীদের হামলায় আহত যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৪২) ২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল বুধবার মারা গেছেন৷
খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল করা হয়৷ এর আগে বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়৷
গত ২৫ মে রাত নয়টার দিকে সদর উপজেলার রামনগর এলাকার একটি দোকানে আলমগীর বসেছিলেন৷ এ সময় পাঁচ-ছয়জন যুবক সেখানে গিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়৷ পরে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ যশোর জেনারেল হাসপাতালে আলমগীরের বুকে অস্ত্রোপচার করে তিনটি গুলি বের করা হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়৷ গতকাল বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷
এদিকে হামলার ঘটনার চার দিন পর আলমগীরের ভাই আলতাফ বিশ্বাস যশোর কোতোয়ালি থানায় ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনের নামে মামলা করেন৷ যশোর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) মামলা তদন্ত করতে বলা হয়৷
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ওই মামলায় স্থানীয় রামনগর ধোপাপাড়া এলাকার সুজন হাসানকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি ১৪ জুন যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন৷ সুজন বলেছেন, স্থানীয় পাগলা শাহিনের নেতৃত্বে তারা আলমগীরকে গুলি করেছে৷ উপজেলা পরিষদ নির্বাচন ও স্থানীয় আধিপত্যের দ্বন্দ্বে আলমগীরকে খুন করা হয়েছে৷
স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, উপজেলা পরিষদ নির্বাচনে রামনগর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়৷ এক পক্ষের নেতৃত্বে ছিলেন যুবলীগের নেতা আলমগীর৷ অপর পক্ষে শাহিন৷ আলমগীর ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদারের অনুসারী৷ শাহিন আওয়ামী লীগের সাবেক সাংসদ খালেদুর রহমান টিটোর অনুসারী৷