যশোরে শিশু হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে শিশু মিরাজ হত্যার মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রব হাওলাদার এই রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, যশোরের ঝিকরগাছা থানার লাউজানী গ্রামের জাহিদ হাসান, মহসিন রেজা, মামুন চৌধুরী, মো. রুবেল ও মো. সোহাগ। যাবজ্জীবন দণ্ডাদেশ পেয়েছেন, ইকবাল হোসেন, রাশিদা বেগম, আবুল কাশেম ও হযরত আলী। এঁদের মধ্যে মহসিন, মামুন, আবুল কাশেম ও হযরত আলী এখনো পলাতক। এ ছাড়া যশোর কিশোর আদালতে মামলার অভিযোগপত্রভুক্ত অন্য তিন আসামির বিচার চলমান রয়েছে।
আজ রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অন্য চার আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বলেন, ২০১৩ সালের ২০ নভেম্বর লাউজানি গ্রামের রাস্তা থেকে শিশু রিয়াদুল ইসলাম মিরাজকে অপহরণ করা হয়। পরদিন তার বাবা মিজানুর রহমানের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। শেষে তিন লাখ টাকায় রফা হয়। মিজানুর আট হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধও করেন। কিন্তু ২৩ নভেম্বর সকালে লাউজানি গ্রামে ঝোপের ভেতরে মিরাজের লাশ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন মিজানুর বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় যশোর জেলা গোয়েন্দা পুলিশকে।
আইনজীবী এনামুল হক জানান, ২০১৪ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কবির হোসেন ১২ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে আরিফুল, মতিয়ার ও ফয়সাল নামের তিন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচারের বিষয়টি যশোর কিশোর আদালতে স্থানান্তর করা হয়।