যশোরে আজ ভাষা প্রতিযোগ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি ব্যাংক-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবের আসর আজ বসছে যশোরে। জিলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে দেশের বরেণ্য কবি-সাহিত্যিক ও ভাষাবিদেরা উপস্থিত থাকবেন। উৎসবে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে ১৩ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে।
অংশগ্রহণকারী জেলাগুলোর মধ্যে রয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও যশোর।
সকাল নয়টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসব উদ্বোধন করবেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরে ৪০ মিনিটের লিখিত পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ভাষাবিদদের কাছে প্রশ্ন করার সুযোগ পাবে।
শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মঞ্চে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ-বৈকল্য (কমিউনিকেশন ডিজঅর্ডার) বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাহেল রাজিব, এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারিক মনজুর, প্রভাষক সাইফিন রুবাইয়াত, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক আকতার হোসেন, যশোর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জেল হোসেন ও মুন্সিগঞ্জের শ্রীনগর কলেজের বাংলা বিভাগের প্রধান কুদরত-ই-হুদা।