যশোরে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার শিকড়ী বটতলা এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম সেলিম হোসেন (৪০)। গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের আবু তাহেরের ছেলে সেলিম মাদক ব্যবসায় জড়িত ছিলেন। গতকাল ভোরে শিকড়ী বটতলা এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সেলিম ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ সেলিমের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় ১৬টি এবং দেশের বিভিন্ন থানায় অন্তত ৫০টি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।
এদিকে নিহত সেলিম হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কাউকে পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে সেলিমের লাশ বেনাপোল বন্দর থানায় রাখা হয়েছে বলে ওসি অপূর্ব হাসান জানিয়েছেন।