যশোরে ওলামা লীগের নেতা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার
যশোরের বাঘারপাড়া উপজেলায় আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সহসভাপতি শরীফ বাকি বিল্লাহ (৪০) খুনের ঘটনায় সন্দেহজনক হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার আগড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৩) ও জিয়াউর রহমান ওরফে জিয়া (৩২)।
মামলার তদন্ত কর্মকর্তা, বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, গত মঙ্গলবার রাতে আগড়া গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর (৩৩) ও জিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাঁদের সঙ্গে নিহত শরীফের পুরোনো দ্বন্দ্ব ছিল। আগে তাঁরা একসঙ্গে চলাফেরা করতেন। জাহাঙ্গীর ও জিয়াকে গতকাল বুধবার দুপুরে যশোর আমলি আদালতের (‘ক’ অঞ্চল) মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গত সোমবার রাতে বাঘারপাড়ার দরি আগড়া গ্রামের ইমান আলী মোল্লার ছেলে শরীফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে যশোর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় শরীফের ভাই জাকির হোসেন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন।
এদিকে একই রাতে পৃথক ঘটনায় দুর্বৃত্তদের কোপে নিহত যশোর শহর যুবলীগের কর্মী তরিকুল ইসলাম হত্যার ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এমনকি কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, এ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।