যশোরে কলেজছাত্র অপহৃত, বিভিন্ন স্থানে উদ্ধার চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের এক কলেজছাত্রকে অপহরণ করে তাঁর মায়ের কাছে মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে ওই ছাত্রকে গতকাল শনিবার পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ৷
ঢাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রকে গতকাল শনিবার মাদারীপুরের শিবচর উপজেলায় উদ্ধার করা হয়৷ এ সময় স্থানীয় লোকজন দুই ‘অপহরণকারীকে’ আটক করে পুলিশে সোপর্দ করেন। এদিকে গাজীপুর থেকে অপহৃত সাইফুল ইসলাম (২৮) নামের এক ব্যবসায়ীকে শেরপুরে উদ্ধার করা হয়। কালিয়াকৈরের হরতকীতলা থেকে অপহৃত আরও এক ব্যবসায়ীকে ১২ ঘণ্টা পর গতকাল রাতে উদ্ধার করে পুলিশ। আর সাভারে এক ব্যবসায়ীকে অপহরণের প্রায় ৪৯ ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়৷
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: অপহৃত কলেজছাত্রের নাম সুজন হাসান৷ তিনি বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের (বিসিএমসি) মেরিন ইঞ্জিনিয়ািরং বিভাগের প্রথম বর্ষের ছাত্র৷ বাড়ি যশোর শহরের কারবালা ধোপাপাড়া এলাকায়৷ বাবা হানিফ হোসেন ইতালিপ্রবাসী।
জিডিতে উল্লেখ করা হয়, সুজন কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বাসা থেকে বেরিয়ে যান। পরে পৌনে পাঁচটার দিকে সুজন মুঠোফোনে মাকে জানান, সন্ধ্যা সাতটার মধ্যে বাড়ি ফিরবেন৷ কিন্তু পরে আর ফেরেননি৷ তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে ১২টার দিকে তাঁর মুঠোফোন থেকে কল দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর মায়ের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন৷ পরদিন সকালে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়৷ এর পর থেকে মুঠোফোনটি আর খোলা পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, কলেজছাত্র সুজনকে উদ্ধারের জোর তৎপরতা চালানো হচ্ছে।
শিবচর (মাদারীপুর): গতকাল সকাল সাতটার দিকে ঢাকার আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার দশম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান (১৫) স্কুলে কোচিং করার উদ্দেশ্যে মালিবাগের বাসা থেকে বের হয়। একপর্যায়ে আলমগীর হোসেন (৪২) ও মুক্তার হোসেন (৪১) নামের দুই ব্যক্তি মিজানুরকে একটি গাড়িতে উঠিয়ে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে নিয়ে আসেন। পরে স্পিডবোটে তাকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির চরচান্দ্রা এলাকার একটি চরে নামানো হয়। সেখানে আলমগীর ও মুক্তার প্রথমে মিজানুরকে গলা টিপে ও পরে নদীতে ডুবিয়ে হত্যার চেষ্টা করেন। স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে অন্যদের ডেকে আনেন৷ পরে মিজানুরকে উদ্ধার করেন এবং ওই দুজনকে আটক করেন৷
মিজানুর ঢাকার মৌচাক মার্কেটের কাপড় ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান মিয়া বলেন, মামলার প্রক্রিয়া চলছে৷
গাজীপুর: গত শুক্রবার মধ্যরাতে গাজীপুর অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের সদস্যরা শেরপুর সদরের মোকছেদপুর নয়াপাড়া গ্রাম থেকে ব্যবসায়ী সাইফুলকে উদ্ধার করেন। তঁাকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে লাল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সাইফুলের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বালিয়াপাড়া গ্রামে৷ ১০-১১ বছর ধরে গাজীপুর সদর উপজেলার মালেকের বাড়ির পুকুরপাড় এলাকায় বসবাস করেন। সেখানে একটি মুদি দোকান করেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তিন-চারজন যুবক তাঁকে টেনেহিঁচড়ে একটি গাড়িতে তুলে অপহরণ করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে সাইফুলের মুঠোফোন থেকে তাঁর ছোট ভাইয়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়৷ এ ঘটনায় ওই রাতেই জয়দেবপুর থানায় জিডি করা হয়৷
এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকা থেকে অপহৃত এক ব্যবসায়ীকে ১২ ঘণ্টা পর গতকাল রাতে উদ্ধার করে পুলিশ। মুক্তিপণের তিন লাখ টাকা নিতে গেলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ব্যবসায়ী হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাই গ্রামের আবদুল্লাহ আল কাফির ছেলে আবদুল্লাহ আল কায়সার। তিনি সপরিবারে উপজেলার হরতকীতলা এলাকায় বসবাস করতেন।
গ্রেপ্তারকৃতরা হলেন হরতকীতলা এলাকার শ্যামন মিয়া, রসুলপুর এলাকার সৈয়দ মুন্না রিজভী, একই এলাকার আড়ং খান, হাবিবুর রহমান ও সৈয়দ রহাত হোসেন।
এ ব্যাপারে অপহৃতের স্ত্রী তাজনুবা খানম কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত কায়সার ঠিকাদারি ব্যবসা করতেন।
সাভার: ব্যবসায়ী নূর মোহাম্মদকে রাজধানীর উপকণ্ঠ সাভারের খাগাইন এলাকা থেকে গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়৷ নূর মোহাম্মদ আশুলিয়া বাজার এলাকার বাসিন্দা এবং সাভারের সাদুল্লাপুর এলাকার একটি ইটভাটার মালিক। এ ঘটনায় পরে সাভার মডেল থানায় জিডি করা হয়৷ গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অপহরণকারীরা নূর মোহাম্মদকে মুক্তি দেয়৷ পরে আহত অবস্থায় বাড়ি ফিরে আসেন তিনি৷
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, যারা তাঁকে ধরে নিয়ে গিয়েছিল, তারাই একটি গাড়িতে করে এনে আশুলিয়া বাজারের পাশে সেতুর কাছে নামিয়ে দিয়ে গেছে বলে তাঁকে জানিয়েছেন নূর।
তবে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, নূরকে কেউ অপহরণ করেনি। সবই নূরের সাজানো নাটক।