যশোরে কাল শিশু সুরক্ষা কনভেনশন
আসুন, আমরা শিশুর প্রতি মানবিক হই’ এই স্লোগান নিয়ে যশোরে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু সুরক্ষা কনভেনশন।
শিশুর প্রতি নির্যাতন ও হত্যার বিরুদ্ধে মানবিক জাগরণের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমীতে এ কনভেনশন হবে।
গতকাল বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিশু অধিকার সংরক্ষণ কমিটি, যশোরের আহ্বায়ক মনিরুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, কনভেনশন সফল করতে আজ বৃহস্পতিবার কমিটির সদস্যরা শহরের রবীন্দ্রনাথ ঠাকুর সড়কে মোটর যন্ত্রংশের দোকান, বিভিন্ন গ্যারেজ ও স্কুলে শিশুর প্রতি মানবিক আচরণের জন্য প্রচারণা চালাবে।
এ সময় এসব প্রতিষ্ঠানের সামনে অন্তত ১০০ ফেস্টুন টাঙানো হবে। এতে আরও বলা হয়, শিশুরা আজ সংকটাপন্ন।
এ অবস্থায় অন্যায়কারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ও সাধারণ মানুষের মধ্যে মানবিক জাগরণের জন্য কনভেনশন করা হচ্ছে। শিশুর স্বার্থসংশ্লিষ্ট এমন প্রতিষ্ঠানের তিন শতাধিক প্রতিনিধি এই কনভেনশনে যোগ দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার দাস, সভাপতি ডি এম শাহিদুজ্জামান, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।