যশোরে চার জনপ্রতিনিধিসহ বিএনপির ৪২ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর ও কেশবপুর পৌরসভার মেয়র এবং কেশবপুর ও মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ বিএনপি, ছাত্র ও যুবদলের ৪২ নেতাকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের কাজে বাধা ও অস্ত্র আইনের মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
গতকাল দুপুর ১২টার দিকে এ নেতারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মারুফ আহমেদ আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান। প্রতিবাদে উকিলবার মোড় থেকে তাৎক্ষণিকভাবে বিএনপি ও যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এদিকে গতকাল এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলের ৪২ নেতা-কর্মীর জামিন আবেদন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, এর লক্ষ্য হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীরা যেন বর্তমান অবৈধ সরকারের স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে না পারেন। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য সরকার নেতা-কর্মীদের নামে একের পর মিথ্যা মামলা দিচ্ছে। তিনি সরকারের স্বেচ্ছাচারী কর্মকাণ্ড প্রতিরোধ করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন যশোর পৌর মেয়র মারুফুল ইসলাম, মনিরামপুর সদর ইউপির চেয়ারম্যান নিস্তার ফারুক, কেশবপুর পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ বিশ্বাস, কেশবপুর ইউপি চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীন, ছাত্রদলের কেশবপুর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সদর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ নূরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, চৌগাছা উপজেলা কমিটির সহসভাপতি এম এ সালাম, যশোর শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক তমাল আহমেদ, জেলা যুবদল সভাপতি এহসানুল হক, জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম প্রমুখকে কারাগারে পাঠানো হয়।
এ মামলায় বাঘারপাড়া পৌর মেয়র বিএনপি নেতা আবদুল হাইসহ ২০ নেতা-কর্মী আগে থেকেই কারাগারে আছেন। জামিনে আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হকসহ ১১ জন।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, উদ্দেশ্যমূলকভাবে সরকার পুলিশকে ব্যবহর করে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছে।
গত ১ অক্টোবর লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন চলাকালে পুলিশের সঙ্গে এক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে পুলিশের কাজে বাধা ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় ১২৩ জনের নাম উল্লেখ করে দুটি মামলা দায়ের করা হয়।