যশোরে জনযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলের দাবিতে শুরু হওয়া জনযাত্রা গতকাল শুক্রবার যশোরে পৌঁছেছে। তবে আয়োজকেরা অভিযোগ করেছেন, শহরে ঢুকতে পুলিশ তাঁদের বাধা দিয়েছে। এ ছাড়া পুলিশের অনুমতি না পেয়ে নির্ধারিত স্থানে তাঁরা সমাবেশ করতে পারেননি। আজ শনিবার এ জনযাত্রা খুলনায় পৌঁছানোর কথা রয়েছে।
রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন থেকে সরকারের সরে আসার দাবিতে জনমত গঠনের জন্য তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এ জনযাত্রার আয়োজন করেছে। ১০ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির দ্বিতীয় দিনে জনযাত্রা মিছিল সহকারে ফরিদপুর থেকে গতকাল বেলা ১১টার দিকে মাগুরায় প্রবেশ করে। এরপর জেলা শহরের পৌরসভা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঝিনাইদহের উদ্দেশে রওনা হয়। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সমাবেশ হয়। সেখান থেকে যশোরের উদ্দেশে যাত্রা শুরু হয়। গতকাল সন্ধ্যায় যশোরে পৌঁছায়। পরে তারা শহরের প্রবেশদ্বার পালবাড়ি মোড়ে পথসভা করে।
পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ। বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির জেলা সদস্যসচিব মাহমুদ হাসান।
মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা মূল সড়ক দিয়ে শহরে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁদের সেখান দিয়ে ঢুকতে দেয়নি। বাধ্য হয়ে বাইপাস সড়ক দিয়ে শহরে ঢুকতে হয়েছে।
মাহমুদ হাসান আরও বলেন, যশোর টাউন হল মাঠে সমাবেশের জন্য সাত দিন আগে পুলিশের কাছে দরখাস্ত দেওয়া হয়। কিন্তু আগের দিন রাতে পুলিশের একজন কর্মকর্তা মুঠোফোনে জানিয়ে দেন, সেখানে সমাবেশের অনুমতি দেওয়া যাচ্ছে না। এমনকি জনযাত্রার যশোরে রাত যাপনেরও অনুমতি নেই।
তবে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রথম আলোকে বলেন, আরেক সংগঠনের অনুষ্ঠান থাকায় টাউন হল মাঠে জনযাত্রার সমাবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু পালবাড়ি মোড়ে তাঁরা নির্বিঘ্নে সমাবেশ করেছেন। যশোরে রাত যাপনে কোনো বাধা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
যশোরে রাত যাপন করে আজ সকালে খুলনার উদ্দেশে রওনা হবে এই জনযাত্রা। বেলা ১১টায় খুলনা জেলায় প্রবেশমুখ ফুলতলায় ও বেলা তিনটায় দৌলতপুরে তারা পথসভা করবে। এরপর বিকেল চারটায় খুলনার শহীদ হাদিস পার্কে জনসভা অনুষ্ঠিত হবে।
আগামীকাল রোববার রূপসা, বাগেরহাট ও কাটাখালীতে সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে রয়েছে ১০টি বাস ও ৭টি মাইক্রোবাস। এ ছাড়া কয়েকটি পিকআপ ভ্যানের মাধ্যমে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। পথে পথে চলছে গান ও নাটকের প্রদর্শনী।