যশোরে টাকার জন্য বন্ধুকে খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই বন্ধু কুপিয়ে এক বন্ধুকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ গত বুধবার যশোর শহরের লালদীঘি পুকুরপাড়ে এ ঘটনা ঘটে৷
মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে৷ বুধবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেপটিক ট্যাংক থেকে এক নারী এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অপর এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে৷ প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: বন্ধুদের হাতে খুন হওয়া ওই বন্ধুর নাম রাশেদুল ইসলাম ওরফে নিশান (২০)৷ তিনি শহরের লোন অফিসপাড়ার মাহতাব আলম ওরফে তারা মিয়ার ছেলে। তাঁকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বেজপাড়া এলাকার চন্দ্র শেখর বিশ্বাস (৪০), নিরালাপট্টির মশিউর রহমান (২২) ও নড়াইল সদর উপজেলার গুয়াখোলা গ্রামের সোহেল রানা ওরফে সবুজকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মদিনা হোটেল থেকে রাতের খাবার খেয়ে রাশেদুল, চন্দ্র শেখর, মশিউর ও সোহেল রানা একসঙ্গে বের হন। তাঁরা লালদীঘির পুকুরপাড়ে পৌঁছালে মুঠোফোন সেট বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা কুপিয়ে রাশেদুলকে হত্যা করে পালিয়ে যান।
মেহেরপুর: গতকাল বেলা ১১টার দিকে গাংনী উপজেলার গোপালনগর বানিয়াপুকুর গ্রামের ভোলারদা মাঠ থেকে আশরাফুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি গাংনীর শিমুলতলা গ্রামে। সকালে জমিতে কাজ করতে গিয়ে কৃষকেরা গ্রামের আবদুল হাকিমের জমিতে আশরাফুলের গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর পাঠান৷ পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে৷ গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম দাবি করেন, আশরাফুল চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার একাধিক অভিযোগ আছে।
চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার নাগদাহজোড়গাছা গ্রামের আমিরুল ইসলামের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাঁর স্ত্রী মরিয়ম নেছার (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে৷ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গত বুধবার রাত আটটার দিকে পুলিশ সেখান থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে৷ নিহতের বড় ছেলে রনি আহমেদ জানান, তাঁর বাবা কোনো কাজ না করলেও মাকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলে নিজের কাজে খরচ করতেন। এ নিয়ে প্রায়ই তাঁর মা-বাবার মধ্যে ঝগড়া হতো৷ গত রোববারও তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরদিন মা-বাবা দুজনেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। এরপর কেউই ফিরে না আসায় আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়। একপর্যায়ে বুধবার রাতে বাড়ির সেপটিক ট্যাংক থেকে গন্ধ বের হলে সেখানে গিয়ে লাশ দেখতে পাওয়া যায় এবং পুলিশে খবর দেওয়া হয়।
সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার কালিন্দি নদীর চর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কৈখালী বিওপির সুবেদার মুজিবর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় বুধবার রাত আটটার দিকে লাশটি উদ্ধার করেন। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। হাতে শাঁখা পরা থাকায় তিিন সনাতন ধর্মাবলম্বী বলে নিশ্চিত হওয়া যায়। লাশের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।