যশোরে ট্রাকের ধাক্কায় দুই ছাত্রী নিহত
যশোর শহরের বকচর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীরা হলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্রী পপি পারভিন (২৫) ও মনিরামপুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী রমিছা খাতুন (২০)।
পপি মনিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের আজিজুর রহমানের মেয়ে ও রমিছা একই গ্রামের নূর মোহাম্মদ গাজীর মেয়ে।
পুলিশ ও নিহত ছাত্রীদের পরিবার সূত্রে জানা গেছে, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে চড়ে আজ দুপুরে দুই ছাত্রী যশোর থেকে মনিরামপুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। বকচর এলাকায় পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পপি। গুরুতর আহত অবস্থায় রমিছা ও মোটরসাইকেলচালক নাছিরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে রমিছা মারা যান।
রমিছার ভাই জাকির হোসেন বলেন, রমিছা পুলিশে চাকরির জন্য যশোর পুলিশ লাইনসে শিক্ষাগত সনদ জমা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। পপির খালু রওশন আলী জানান, যশোর এমএম কলেজে মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ করতে পপি যশোরে যান। কলেজ থেকে বাড়িতে ফেরার পথে তিনি নিহত হন।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দাপ্তরিক মুঠোফোনে উপপরিদর্শক তারিকুল ইসলাম বলেন, ধাক্কা দেওয়া ট্রাকের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।