যশোরে তথ্য অধিকার ক্যাম্পের উদ্বোধন
বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ‘তথ্য অধিকার ক্যাম্প’ শুরু হয়েছে। যশোরের চৌগাছা উপজেলার শহীদ মশিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার সকালে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক।
নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও জাগ্রত নাগরিক কমিটি (জানাক) যৌথভাবে এই ক্যাম্পের আয়োজন করে।
আয়োজকেরা জানান, আজ রোববার থেকে চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) মিলনায়তনে পাঁচ দিনের ক্যাম্পে গ্রামের সুবিধাবঞ্চিত ৩০ জন নারী-পুরুষকে তথ্য অধিকার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ ফারুক বলেন, তথ্য অধিকার আইন একটি ব্যতিক্রমধর্মী আইন। এর মাধ্যমে জনগণ সরকারের ওপর কর্তৃত্ব করতে পারে। বাংলাদেশের সব আইন জনগণকে শাসন করার জন্য। কিন্তু এই একটিমাত্র আইন দিয়ে জনগণ সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারে। এর প্রয়োগের মাধ্যমে জনগণ ক্ষমতায়িত হয়, রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়।
যশোরের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। অন্যান্যের মধ্যে চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুষমা সুলতানা, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান ও এমআরডিআইয়ের বিভাগীয় সমন্বয়ক মবিনুল ইসলাম বক্তব্য দেন।
নেপাল চন্দ্র বলেন, তথ্য অধিকার আইনের সফল বাস্তবায়ন ও এর সুফলপ্রাপ্তি নির্ভর করে জনগণ তথ্য অধিকার আইন ব্যবহার করছে কি না তার ওপর। জনগণ এই আইন ও এর সুফল সম্পর্কে সচেতন হলে বেশি বেশি প্রয়োগ করবে।
নজরুল ইসলাম বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এই আইনের কার্যকর বাস্তবায়ন নির্ভর করছে জনগণের ওপর। জনগণ তথ্য জানতে চাইলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হবে।
হাসিবুর রহমান বলেন, সুবিধাবঞ্চিত মানুষের তথ্য জানার অধিকারকে গতিশীল করতে এই তথ্য অধিকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই আয়োজন অংশগ্রহণকারীদের পাশাপাশি অন্যদেরও তথ্য অধিকার আইন ব্যবহারে উৎসাহিত করবে। এই আইনের ব্যবহার অবাধ তথ্যপ্রবাহের সংস্কৃতি প্রতিষ্ঠিত করার মাধ্যমে সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারীর মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে যশোরের বাউলশিল্পীরা ‘অধিকারের পালা’ শিরোনামে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক জারিগান ও খুলনার রূপান্তরের শিল্পীরা পটগান পরিবেশন করেন।