যশোরে তরিকুলসহ ৫৩ জনের নামে অভিযোগপত্র
যশোরে নাশকতা ও গাড়ি পোড়ানো মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। তদন্ত শেষে আজ বুধবার যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
২০১৫ সালের ২৮ জানুয়ারি যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় রাস্তার পাশে রাখা যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার মামলায় এ অভিযোগপত্র দেওয়া হয়।
এ ব্যাপারে তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ১৩ জন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যশোর পৌরসভার মেয়র ও বিএনপির নগর কমিটির সভাপতি মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক, তরিকুল ইসলামের ছেলে ও নির্বাহী কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম প্রমুখ। অভিযোগপত্রে তরিকুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ৪০ নেতা-কর্মীকে পলাতক দেখানো হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতের কাছে সুপারিশ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৮ জানুয়ারি রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা জাতীয় মহাসড়কের সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় সন্ত্রাসীরা রাস্তার পাশে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নেতা-কর্মীরা পুলিশকে ধাওয়া দেন। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নাশকতা, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করেন। তদন্ত শেষে এই মামলায় ৫৩ জনের নামে অভিযোগপত্র দিল পুলিশ।