যশোরে তরুণ খুন, চুয়াডাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার
যশোর সদর উপজেলার ডুমদিয়া গ্রামে গত শুক্রবার রাতে ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. আলমগীর (২০) নামে এক তরুণ৷ একই দিন সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শালিখা গ্রামে শাহিনা খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷
যশোর কোতোয়ালি থানার পুলিশ ও পরিবারের লোকজন জানান, আলমগীর স্কয়ার গ্রুপের এইজেস সার্ভিসেস লিমিটেডের পাবনা কার্যালয়ে প্রহরী হিসেবে কর্মরত ছিলেন৷ তিনি যশোর সদর উপজেলার ডুমদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে৷ চার-পাঁচ মাস আগে আলমগীর স্থানীয় সাহাবুদ্দিনসহ কয়েকজনকে এইজেস সার্ভিসেস লিমিটেডে প্রহরী পদে চাকরি দেন৷ এ সময় চাকরির নিরাপত্তা হিসেবে তাঁদের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নেওয়া হয়৷ এঁদের মধ্যে সাহাবুদ্দিন নামে একজন কয়েক দিন পরই চাকরি ছেড়ে চলে যান৷ এরপর থেকেই তিনি ওই পাঁচ হাজার টাকার জন্য আলমগীরকে চাপ দিতে থাকেন৷ সম্প্রতি আলমগীর ছুটিতে বাড়িতে এলে বিষয়টি নিয়ে সাহাবুদ্দিনের সঙ্গে কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে শুক্রবার রাতে সাহাবুদ্দিন পাঁচ-সাতজন লোক নিয়ে বাড়িতে গিয়ে আলমগীরকে ছুরিকাঘাত করেন৷ এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷
আলমগীরের বাবা আবুল হোসেন বলেন, পাঁচ হাজার টাকার জন্য সাহাবুদ্দিনসহ কয়েকজন আলমগীরকে ছুরি মেরে খুন করেছে৷
এইজেস সার্ভিসেস লিমিটেড পাবনার জোন কমান্ডার হাফিজুর রহমান বলেন, ‘চাকরির সময় কারও কাছ থেকে নিরাপত্তার জন্য টাকা নেওয়া হয়নি৷ আলমগীরের সঙ্গে কারও টাকার লেনদেন ছিল কিনা আমাদের জানা নেই৷’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সাহাবুদ্দিনের সঙ্গে আলমগীরের টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল৷ এই বিরোধের জেরে সাহাবুদ্দিন সহযোগী নিয়ে আলমগীরকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে৷ হত্যাকারীরা পলাতক রয়েছেন৷
এদিকেচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শালিখা গ্রামে শুক্রবার সন্ধ্যায় গৃহবধূ শাহিনা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনার পর থেকেই স্বামী রতন আলীসহ (২৫) পরিবারের লোকজন পলাতক রয়েছেন৷
প্রতিবেশীরা জানান, এক বছর আগে শালিখা গ্রামের সেলিম হোসেনের ছেলে রতনের সঙ্গে পার্শ্ববর্তী খোরদ গ্রামের শাহেদ আলীর মেয়ে শাহিনার বিয়ে হয়৷ কয়েক দিন ধরে যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন শাহিনার ওপর নির্যাতন শুরু করেন৷ শুক্রবার বিকেলেও তাঁকে মারধর করা হয়৷ সন্ধ্যায় ঘরের আড়ায় শাহিনার লাশ ঝুলছে বলে প্রতিবেশীরা বাড়ির লোকজনের কাছে জানতে পারেন৷ এ সময় আশপাশের লোকজন জড়ো হতে থাকলে পরিবারের লোকজন পালিয়ে যান৷
খবর পেয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বলেন, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক৷ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷