যশোরে তিনটিসহ বিভিন্ন স্থানে ছয়টি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে গতকাল শনিবার সকালে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিনে কুষ্টিয়ার দৌলতপুরে ইসলামপুর গ্রামের পাশে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ ও বাগেরহাট থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট রেলস্টেশনের পাশে যৌনপল্লির প্রবেশপথের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার আমজাদ আলী মোল্লার ছেলে দিরাজ মোল্লার (৫০) লাশ উপশহর পার্কের লেকের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
দিরাজ মোল্লার আত্মীয় আশরাফুল ইসলাম জানান, শুক্রবার রাতে দিরাজ বাড়িতে ফেরেননি। সকালে উপশহর পার্কের লেপের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন ছিল। কান দিয়ে রক্ত পড়ার দাগ ছিল।
একই উপজেলার মুন্সী বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন একটি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাহাদুল মণ্ডল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। মাহাদুল সদর উপজেলার শাহবাজপুর গ্রামের মধু মণ্ডলের ছেলে। উদ্ধারের সময় লাশের হাত ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, দুজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ছাড়া ঝিকরগাছা-চৌগাছা উপজেলা সীমান্তের পলুয়া গ্রামের ফাঁকা মাঠের আইল থেকে মো. ইসমাইল (২১) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। ইসমাইল উপজেলার অমৃতবাজার মাগুরা গ্রামের আমিন উদ্দীনের ছেলে। ইসমাইল তিন চাকার যান জেএসের চালক ছিলেন।
ইসমাইলের চাচাতো ভাই আলমগীর হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে চারজন যাত্রী মোহম্মদপুর গ্রামের মোড় থেকে চৌগাছা উপজেলায় যাওয়ার উদ্দেশে ইসমাইলের গাড়ি ভাড়া করে। সকালে এক ফাঁকা মাঠের মধ্য থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গাড়িটিও পাওয়া যায়নি।
ঝিকরগাছা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী বেশে কয়েকজন দুর্বৃত্ত ইসমাইলের গাড়ি ভাড়া করেছিল। গাড়িটি ছিনতাই করে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে দৌলতদিয়া যৌনপল্লির ৩ নম্বর প্রবেশপথের সামনে থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে। তাঁর পরনে লুঙ্গি ও টি-শার্ট ছিল।
গতকাল শনিবার লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। অতিরিক্ত হেরোইন সেবনের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাগেরহাট: গতকাল বিকেলে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের শেখ আবদুস সাত্তারের পুকুর থেকে শারমিনের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সে ওই গ্রামের নান্টু শেখের মেয়ে।
বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান জানান, শারমিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যাকাণ্ড, না আত্মহত্যা, তা বোঝা যাবে।
কুষ্টিয়া: দৌলতপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল দুপুরে স্থানীয় জেলেরা ইসলামপুর গ্রামের পাশে পদ্মা নদীতে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। তাঁর বয়স ৭০ থেকে ৭৫ বছর। তবে এলাকায় তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানিয়েছেন। পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।