যশোরে দম্পতি অগ্নিদগ্ধ
যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে কেরোসিনের আগুনে এক দম্পতি দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ দম্পতি হলেন মল্লিকপুর গ্রামের সুমন হোসেন (৩২) ও তাঁর স্ত্রী মাসুরা বেগম (২৭)। মাসুরার বাবার বাড়িও একই গ্রামে। গুরুতর অবস্থায় প্রথমে দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মাসুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, মাসুরার শরীরের ৮০ শতাংশ ও সুমনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সুমন ও মাসুরা প্রেম করে সম্প্রতি বিয়ে করেন। ছেলের পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় তাঁরা মেয়ের বাবার বাড়িতে থাকতেন। কয়েক দিন আগে সুমন তাঁর স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে আসেন। কিন্তু তাঁর পরিবারের লোকজন বিষয়টি ভালোভাবে নেননি। এতে তাঁদের পরিবারে অশান্তি চলতে থাকে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, ওই দম্পতি নিজেদের ঘরের দরজা আটকে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ছেলের পরিবারও বলছে, দুজনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে মেয়েটির পরিবারের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গায়ে কেরোসিন দিয়ে তাঁদের মেয়ের শরীরে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছেন।