যশোরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের টালিখোলা এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কেউ আহত হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দশটি ককটেল, চারটি রাম দা ও দুটি ছুরি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বছর শহরের টালিখোলা এলাকায় যুবলীগ কর্মী সরোয়ার আলম ওরফে টুলুকে হত্যা করা হয়। হত্যা মামলায় যশোর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠুকে আসামি করা হয়। ওই মামলায় বৃহস্পতিবার মঈনুদ্দিন জামিন পেয়ে বাড়ি ফেরেন। এ খবর পেয়ে সরোয়ারের ক্ষুব্ধ স্বজনেরা রাত ১২টার দিকে মঈনুদ্দিনের বাড়িতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের ওপরও চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে ও লাঠিপেটা করে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ নারীসহ সাতজনকে আটক করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এক পক্ষ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুটি গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে। আটক করা হয়েছে সাতজনকে। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, নিহত সরোয়ার ও আসামি মঈনুদ্দিন—দুজনই যুবলীগের। তবে বৃহস্পতিবারের রাতের ঘটনা দলীয় কোনো সংঘর্ষ নয়।