যশোরে নবদম্পতি অগ্নিদগ্ধ
যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে কেরোসিনের আগুনে এক নবদম্পতি দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ছেলের বাড়িতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘মেয়েটির শরীরের ৮০ শতাংশ ও ছেলেটির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।’
আহতরা হলেন, মল্লিকপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুমন হোসেন (৩২) ও তাঁর স্ত্রী মাসুরা বেগম (২৭)। মাসুরার বাবার বাড়িও একই গ্রামে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দম্পতি নিজেদের ঘরের দরজা আটকিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে মেয়েটির পরিবারের অভিযোগ, স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাদের মেয়ের শরীরে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছে। আর ছেলেপক্ষের পক্ষেরÿবক্তব্য, দুজনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।’
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুই পরিবারের অমতে দুজনে সম্প্রতি বিয়ে করেন। ছেলের পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় তাঁরা মেয়ের বাবার বাড়িতে গিয়ে থাকতেন। কয়েক দিন আগে সুমন তাঁর স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে আসেন। কিন্তু সুমনের পরিবারের লোকজন বিষয়টি ভালোভাবে নেননি। এতে তাঁদের পরিবারে অশান্তি চলতে থাকে।