যশোরে পলাশ হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কবির হোসেন ওরফে পলাশ হত্যা মামলা অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত প্রতিবেদনের ওপর দেওয়া বাদীর নারাজি আবেদনের শুনানি শেষে গত সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আবু ইব্রাহিম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে কবির হোসেন নিহত হন।
এ ঘটনায় কবির হোসেনের বোন ফারহানা ইয়াসমীন বাদী হয়ে ১৩ ডিসেম্বর অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্তকালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শহিদুল ইসলাম ও তরিকুল ইসলাম নামের দুজনকে আটক করে পুলিশ।
তাঁরা আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তা ছাড়া এ ঘটনায় বিভিন্ন সময় আটক সাইদুল, মানিক, রবিউল, ফয়সাল, মাসুদ রানা ও শফিকুলের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্য যাচাই-বাছাই করে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তরিকুল ইসলাম, প্রিন্স ওরফে বিহারি প্রিন্স, রাজ্জাক, জাহিদুল ইসলাম ওরফে কালা মানিক, রবিউল শেখ, সজল, টুটুল গাজী, ফয়সাল গাজী, শহিদুল ইসলাম খান ওরফে সাইদুল ও শহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আবুল খায়ের মোল্যা। কিন্তু শফিকুল ইসলাম ও আল মাসুদ রানা ওরফে মাসুদের নাম অভিযোগপত্র থেকে অব্যাহতির আবেদন করা হয় অভিযোগপত্রে।
এরপর বাদী সোমবার অভিযোগপত্রের ওপর আদালতে নারাজি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আটক আসামিদের আদালতে দেওয়া জবানবন্দিতে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে মাসুদ রানাকে।
অথচ অভিযোগপত্রে তাঁকে এ হত্যা মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। তিনি আদালতে মাসুদ রানাসহ সব হত্যাকারীর নাম অভিযোগপত্রভুক্ত করার আবেদন করেন।
বিচারক বাদীর নারাজি আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করে পিবিআইকে অধিকতর তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।