যশোরে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা
ভেজাল ও নকল পণ্য তৈরির সময় তিনটি কারখানার মালিকসহ পাঁচজনের কাছ থেকে ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার যশোর সদর উপজেলার বকচর, নতুন উপশহর ও শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ উপস্থিত ছিলেন।
আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত বকচর এলাকার খান কেমিক্যাল নামের একটি কারখানায় অভিযান চালান। সেখানে নকল ভিকসল (পরিষ্কার) তৈরি ও বাজারজাতকরণের অপরাধে মালিক মাসুদ আকতারের কাছ থেকে দেড় লাখ টাকা, একই এলাকায় অনুমোদন ছাড়া জর্দা তৈরির সময় মা জর্দা ফ্যাক্টরির ব্যবস্থাপক কাজলের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে শহরের কাঠেরপুল এলাকার গ্রিন টি স্টোরের চা-পাতির প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ না থাকায় স্বত্বাধিকারী আনিসুল আকবরের কাছ থেকে ৫ হাজার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে শহরের নিউ নুরু হোটেলের ব্যবস্থাপক হেদায়েত উল্লাহর কাছ থেকে ৪০ হাজার ও অবৈধ প্রক্রিয়ায় সার তৈরির সময় উপশহর এলাকার সাউদান অ্যাগ্রো কেমিক্যালের ব্যবস্থাপক জয়নালের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।