যশোরে পিকনিকের বাস উল্টে দুই ছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিকনিকে যাওয়ার সময় বাস উল্টে যশোরের চৌগাছা উপজেলার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চার দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলো বিদ্যালয়ের শিক্ষার্থী সাথী ও সুমাইয়া এবং বাসচালকের সহকারী মো. মিলন।

জানতে চাইলে যশোরের সহকারী পুলিশ সুপার শহীদ মো. আবু সারোয়ার প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের বনভোজনের বাস উল্টে তিনজন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিকে যাওয়ার জন্য বাসে ওঠে। ছেলে ও মেয়েদের দুটি বাসে প্রায় ১০০ জন শিক্ষার্থী ছিল। মেয়েদের বহনকারী বাসটি পুড়াপাড়া সড়কের খড়িঞ্চার দানবাক্স এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছের সঙ্গে ধাক্কা খায়। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালকের সহকারী মিলন রহমান এবং শিক্ষার্থী সাথী ও সুমাইয়া।