যশোরে পুলিশ সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের অপসারণ দাবিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি ডি এম শাহিদুজ্জামান, সাংবাদিক ফখরে আলম, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য ওহাবুজ্জামান ঝন্টু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ সুপার আনিসুর রহমান সম্প্রতি যশোর প্রেসক্লাবের সম্পাদক ও জেইউজের আহ্বায়ক এস এম তৌহিদুর রহমানকে মুঠোফোনে হুমকি দিয়েছেন।
এ ছাড়া তিনি যশোরে যোগদানের পর থেকেই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অসহযোগিতা করে আসছেন। এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল পুলিশ সুপারের মুঠোফোনে কয়েক দফা কল করলেও তিনি ধরেননি।