যশোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু তাহের মোল্লা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। তাহের ঝুমঝুমপুরের নিরিবিলি এলাকার সোনাউল্লা মোল্লার ছেলে।
পুলিশের দাবি, ‘বন্দুকযুদ্ধের’ সময় ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা, বোমা তৈরির সরঞ্জাম (জালের কাঠি, জর্দার কৌটা ও গানপাউডার), একটি বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়েছে৷
কোতোয়ালি থানার পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার গভীর রাতে আবু তাহেরসহ কয়েকজন সন্ত্রাসী কোনো কারণে ঝুমঝুমপুর ময়লাখানার পাশে জড়ো হন। এ সময় তাঁদের নিজেদের মধ্যে গন্ডগোল হয়। তখন বোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও গুলি ছোড়ে৷ এর একটি গুলি তাহেরের বাঁ হাঁটুতে বিদ্ধ হয়। পুলিশ তাঁকে আটক করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে৷ সেখানে দুই ঘণ্টা পরে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা আখতারুজ্জামান মীর্জা জানান, হাঁটুতে গুলিবিদ্ধ তাহেরকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়৷ অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়৷
যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। এর একটি গুলি তাহেরের পায়ে লাগে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। সন্ত্রাসীদের ছোড়া বোমার স্প্লিন্টারের আঘাতে দুই কনস্টেবল আহত হয়েছেন।’ রেশমা শারমিন আরও জানান, তাহেরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পাঁচটি ও হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী৷
নিহত আবু তাহেরের বোন জরিনা বেগম দাবি করেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঝুমঝুমপুর এলাকার একটি হোটেলে খাওয়ার সময় পুলিশ তাহেরকে আটক করে নিয়ে যায়। রাতেই থানায় খবর নিয়ে জানতে পারেন, পুলিশ তাঁকে আটক করেনি৷ পরে সকালে খবর পান তাহের গুলিতে মারা গেছেন৷ জরিনা অভিযোগ করেন, পুলিশ তাহেরের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে তাঁকে হত্যা করে৷ পরে গুলি করে হাসপাতালে ভর্তি করে৷ তিনি দাবি করেন, তাহেরের বুক ও হাতে নির্যাতনের চিহ্ন দেখা গেছে৷ তাহেরের জামাই মিজানুর রহমান দাবি করেন, তাঁর শ্বশুর মাদক ব্যবসা করতেন না। পুরোনো লোহা-লক্কড় বেচাকেনা করতেন। তবে তাহেরের বিরুদ্ধে দুটি মামলা থাকতে পারে বলে স্বীকার করেন তিনি৷