যশোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউনুস আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ইউনুস কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের ইয়াকুব আলী খাঁর ছেলে। পুলিশ জানায়, নিহত ব্যক্তি হত্যা ও ডাকাতি মামলার আসামি ছিলেন।
যশোর পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন প্রথম আলোকে বলেন, ওই দিন রাত আড়াইটার দিকে পাঁচবাড়িয়া সিনজেনটা অফিসের সামনে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্য দুর্বৃত্তরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে ইউনুসকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এএসপি জানান, ঘটনাস্থল থেকে রামদা, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে নিহত ইউনুস আলীর স্বজনদের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
পুলিশের দাবি, ইউনুসের বিরুদ্ধে ১১টি হত্যা, ২০টি ডাকাতি ও বেশ কয়েকটি চাঁদাবাজিসহ মোট ৪১টি মামলা রয়েছে। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।