যশোরে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকায় বাসের চাপায় আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। এতে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন। আহত অন্য পাঁচজন এখনো যশোর জেনারেল হাসপাতালে চিকিৎ​সাধীন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মালঞ্চি গ্রামের ওয়াহেদ আলী (৪০) ও আলী হোসেন (১৮) এবং নতুনহাট গ্রামের আইয়ুব আলী (৪৫)। ওয়াহেদ ও আইয়ুব নির্মাণ শ্রমিক।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলীর ভাষ্য, চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস রাস্তার ধারে কর্মরত দুই নির্মাণ শ্রমিককে চাপা দেয়। এ সময় সাইকেল নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আলী হোসেন নামে অপর ব্যক্তিও বাসটির ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই ওয়াহেদ এবং হাসপাতালে নেওয়ার পর প্রথমে আইয়ুব আলী এবং পরে আলী হোসেন মারা যান। স্থানীয় লোকজন চালকসহ বাসটি আটক করার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ চালক ও বাসটি নিজেদের হেফাজতে নেয়।

ক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১০টা থেকে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখেন। বেলা ১১টার দিকে ওসি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।