যশোরে বিএডিসি গুদামে ৩২০ মে. টন সারের হদিস নেই
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যশোর চাঁচড়া গুদামে ৩২০ মেট্রিক টন সারের কোনো হদিস নেই। যশোর জেলা প্রশাসনের পাঁচ সদস্যের তদন্ত কমিটি মজুত সারের পরিমাণ ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে গতকাল সোমবার এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
তদন্ত কমিটির সদস্যরা বলেন, যশোরে বিএডিসির পাঁচটি সারের গুদাম আছে। সম্প্রতি এ গুদামগুলোর মজুত সারের পরিমাণ ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় চাঁচড়া গুদামে ৩২০ মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার কম পাওয়া গেছে। তবে কবে এবং কীভাবে এ সার গুদাম থেকে বেরিয়েছে, তার কোনো তথ্য পাওয়া যায়নি। এ–সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন বিএডিসির মাধ্যমে গতকাল সোমবার কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
৩২০ মেট্রিক টন সার কম থাকার বিষয়টি প্রাথমিকভাবে ধরা পড়ার পর মন্ত্রণালয়ের নির্দেশে যশোর জেলা প্রশাসন থেকে একটি কমিটি গঠন করা হয়। কাগজপত্র ও মজুত পরীক্ষার পর গত ২৭ আগস্ট এ কমিটি সার কম থাকার বিষয়টি নিশ্চিত করে। এরপর মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়।
তদন্ত কমিটিতে থাকা জেলা প্রশাসকের প্রতিনিধি যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আরিফ বলেন, বিএডিসির এ সারের গুদামগুলোতে কোনো শৃঙ্খলা (সিস্টেম) ছিল না। সার এলে নামানো হয়েছে, আবার তা বের করে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এ কারণে কত আগে থেকে ওই ৩২০ মেট্রিক টন সার কম আছে তার কোনো তথ্য পাওয়া যায়নি।