যশোরে বিএনপি নেতার খুনিদের গ্রেপ্তারের দাবি
যশোর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেনের খুনিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর লাশ নিয়ে শহরে মিছিল হয়েছে। পরে বিএনপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, ‘আমরা অবিলম্বে ফেরদৌসের প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ফেরদৌসের আত্মার শান্তি কামনায় শহরের ১ নম্বর আইনজীবী ভবনে শুক্রবার (আজ) স্বাধীনতা দিবসের আলোচনা শেষে দোয়া করা হবে।’
থানা-পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাত ১০টার দিকে যশোর শহরের লোহাপট্টি এলাকায় সন্ত্রাসীরা ফেরদৌস হোসেনের পেটে ছুরি মারে। আশপাশের লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর তিনি মারা যান। তিনি সদর উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, হত্যার ঘটনায় মামলা করার জন্য ফেরদৌসের স্বজনদের বলা হয়েছে। তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। দলীয় কোন্দলের কারণে ফেরদৌস খুন হতে পারেন। স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে তিনি বাড়িতে থাকতেন না। যশোর শহরের লোহাপট্টি এলাকায় বিএনপির এক কর্মীর আশ্রয়ে তিনি থাকতেন। বিএনপির সেই কর্মী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।