যশোরে গত বুধবার বিএনপির মানববন্ধনে পুলিশ পরিকল্পিতভাবে হামলা ও গুলি চালিয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও পবিত্র হজ নিয়ে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদে ওই কর্মসূচি ডাকা হয়েছিল।
এদিকে মানববন্ধনে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১২৬ নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তরিকুল বলেন, পুলিশ প্রশাসন পূর্বপরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি ছুড়েছে। কিছু অপশক্তি সরকারকে বিব্রত করতে অতি-উৎসাহী হয়ে উঠেছে। এদের চিহ্নিত করতে ব্যর্থ হলে সরকারেরই ক্ষতি হবে। মনে রাখা দরকার, প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা মানুষের গণতান্ত্রিক অধিকার।
তবে অভিযোগ অস্বীকার করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে এম আরিফুল হক প্রথম আলোকে বলেন, ‘ওই দিনের পুলিশি অ্যাকশন কোনোভাবেই পূর্বপরিকল্পিত ছিল না। পরিস্থিতি বুঝে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।’ কোতোয়ালি থানায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হকসহ ১২৬ জনকে আসামি করে গতকাল মামলা করার বিষয়ও নিশ্চিত করেন তিনি।
এদিকে সংঘর্ষকালে গুলিবিদ্ধ কামাল হোসেনকে রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর দুবার অস্ত্রোপচার করা হলেও তিনি এখনো আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছে তাঁর পরিবার।
এ ছাড়া কামালকে যুবদলের নেতা দাবি করে বিএনপির নগর কমিটির সভাপতি মারুফুল ইসলাম যে বক্তব্য দিয়েছিলেন, তা নাকচ করে দেন কামালের মামা সিরাজুল ইসলাম।