যশোরে বিএনপির প্রার্থীদের হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোর সদর উপজেলার ১২টি ইউনিয়নের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ভোটের মাঠ থেকে সরে যাওয়ার জন্য বিএনপির প্রার্থী ও কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ভয়ে ইতিমধ্যে তিনটি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। যে কারণে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
গতকাল সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে যশোর জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে। সম্মেলনে লিখিত বক্তব্য দেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। আওয়ামী লীগ এখন এই নীতিতে হাঁটছে। যে কারণে ভোটের মাঠে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের যেতে দেওয়া হচ্ছে না।’
অভিযোগ অস্বীকার করে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার বলেন, ‘বিএনপির প্রার্থী বা নেতা-কর্মীদের কেউ তো ভোটের মাঠেই নেই। ভোটে জেতার মতো তাঁদের কোনো প্রচার-প্রচারণা বা গণসংযোগও দেখা যাচ্ছে না। ঘরে বসে বসে তাঁরা আওয়ামী লীগের প্রার্থী ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।’