যশোরে বিতর্ক উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তির আলিঙ্গনে মুক্ত করি অজ্ঞতার জট’ স্লোগানে গতকাল শুক্রবার যশোরে দিনব্যাপী বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে যশোর ও খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
যশোরের মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন (এমএমডিএফ) এ বিতর্ক উৎসবের আয়োজন করে। এ উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সকাল সাড়ে নয়টায় যশোর জিলা স্কুল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান।
আলোচনা সভায় এমএমডিএফের চেয়ারম্যান জহির ইকবাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার। এতে বক্তব্য দেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের (এনডিএফ) চেয়ারম্যান এ কে এম শোয়েব, জ্যেষ্ঠ সাংবাদিক রুকুনউদ্দৌলা, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
‘তারকাদের সঙ্গে আড্ডা’
উৎসবের অংশ হিসেবে বিকেলে ‘তারকাদের সঙ্গে আড্ডা’ অনুষ্ঠিত হয়। এ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন চলচ্চিত্রনির্মাতা ও অভিনেতা দেবাশীষ বিশ্বাস, এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম, টেলিভিশন সংবাদ উপস্থাপক ও আবৃত্তিকার ফারজানা করিম, বিতার্কিক শোয়েব প্রমুখ।