যশোরে বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামে গত বুধবার রাতে বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত হয়ে তাঁরা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুজন হলেন সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা গ্রামের রমজান আলীর ছেলে ইবাদুল ইসলাম (৩৮) ও আনোয়ার হোসেনের ছেলে মো. সবুজ (২৯)। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁরা মারা যান।
পুলিশ জানায়, আন্দোলপোতা গ্রামের একটি মাঠে বুধবার রাত নয়টার দিকে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে দুজন গতকাল মারা যান। আহত অপর তিনজন হলেন আন্দোলপোতা গ্রামের বাদশা মোল্যার ছেলে গোলাম মোস্তাফা (৩০), আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেন (২১) ও অপরজন রাকিব হোসেন (২৫)।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই পাঁচজন আন্দোলপোতা মাঠের মধ্যে বোমা তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণে তাঁরা আহত হন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের একজন আন্দোলপোতা গ্রামের বাসিন্দা শামিম আহম্মেদ। তিনি সাংবাদিকদের বলেন, আহত ব্যক্তিরা আন্দোলপোতা বাজারে অবস্থান করছিলেন। অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তাঁদের লক্ষ্য করে বোমা হামলা করে পালিয়ে যায়।